১০ বছরেও উন্নয়ন হলো না গুলশান লেকের

১০ বছরেরও বেশি সময় আগে রাজধানীর গুলশান লেক উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর কথা ছিল। যদি তাই হতো, তবে এটি ‘হাতিরঝিল প্রকল্পের’ মতো হতে পারত। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে লেক রক্ষার প্রতি একধরনের অবহেলা এবং এই সরকারের আমলে কিছু মামলার কারণে প্রকল্পের কাজে গতি সঞ্চার হয়নি।
লেক উন্নয়নে ২০০২ সালে ১০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই বছরের ১৯ জুন তাঁর কার্যালয়ে এক সভায় লেকবিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও সুপারিশ বাস্তবায়নের জন্য রাজউককে নির্দেশ দেন। অবিলম্বে লেক ও আশপাশের এলাকা থেকে সব অবৈধ স্থাপনা অপসারণ, জলাধার সংরক্ষণ আইনের অধীনে লেক দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
প্রকল্পের আওতায় গুলশান-বারিধারা-বনানী লেক ছাড়াও উত্তরা লেক উন্নয়নের কথাও ভাবা হয়। কিন্তু তখন তহবিল না থাকার বিষয় দেখিয়ে প্রকল্পটি কাটছাঁট করে ৩২ কোটি টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু গুলশান লেক এলাকায় কিছু পায়ে চলার পথ (ওয়াকওয়ে) তৈরি করা ছাড়া আর কোনো কাজই হয়নি। সূত্রমতে, ওই সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার পছন্দে রাজউকের বিতর্কিত এক ব্যক্তিকে প্রকল্পের পরিচালক করা হয়েছিল। যিনি লেকের মধ্যেই ১২তলা একটি ভবনের অনুমোদন দেন। এ নিয়ে মন্ত্রণালয় ও রাজউকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে থেমে যায় প্রকল্পটি।
২০১১ সালে প্রকল্প বাস্তবায়নে আগের তুলনায় পাঁচ গুণ বেশি অর্থাৎ ৫০০ কোটি টাকার হিসাব করে নতুন করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্প হাতে নেওয়ার পর মামলাসহ নানা বাধা আসে। এখনো এ ধরনের ১১টি জায়গা নিয়ে মামলা চলছে। অধিগ্রহণ করা অনেক জায়গা বেদখলেও আছে।
গুলশান-বনানী-মহাখালী লেক অংশের ৬৯ দশমিক ১৪৪ একর জমি অধিগ্রহণের কাজ এখনো শুরুই করা যায়নি। রাজউকের হিসাব অনুযায়ী, এই লেক এলাকায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ ছাড়া জোট সরকারের আমলে বিতর্কিতভাবে বরাদ্দ দেওয়া প্লটে তৈরি স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও তা হয়নি। যেগুলোর অনেক অংশ লেকের জায়গায় পড়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে কিছু স্থাপনা অপসারণ করা হলেও বেশির ভাগ আবারও গড়ে ওঠে।
২০১৫ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের কথা।
প্রকল্পের বাস্তবায়নকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে লেক প্রকল্পটি বাস্তবায়ন বর্তমান সময়ের তুলনায় সহজ ছিল। কারণ, তখন লেকের বা আশপাশের জমি নিয়ে এত মামলা ছিল না। এ ছাড়া খরচও কম হতো। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চলছে।
প্রকল্পে যা যা আছে: পরিবেশ উন্নয়ন ও বিনোদনকেন্দ্রে রূপান্তরের জন্য লেকপাড়ে গাছ ও ঘাস লাগানো হবে। পায়ে চলার পথ ও যান চলাচলের জন্য পথের পাশে বৈদ্যুতিক বাতিও থাকবে। গুলশান-শাহজাদপুর সংযোগ সড়ক ভেঙে একটি সেতু হবে।
মহাখালী গাওসুল আজম মসজিদের পাশে ছোট সেতুটি ভেঙে বড় করা হবে। বনানী থেকে গুলশান-২ যাওয়ার কালভার্টটিও ভেঙেও সেতু তৈরি হবে। গুলশান-বনানী-বারিধারা এলাকার বিভিন্ন সংযোগ সড়ক, ডাইভারসন রোড, কালভার্ট ভেঙে সেতু করার পরিকল্পনা রয়েছে। লেকের তলদেশের কাদা মাটি, আবর্জনা অপসারণ করে গভীরতা বাড়ানো হবে। লেকের পানির গুণমান বাড়ানোর লক্ষ্যে গ্রিন অ্যাপ্রোচ সোলার অ্যাকুয়াটিক টিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেরও পরিকল্পনা আছে।
প্রকল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত দায়িত্বশীল সূত্রমতে, হাতিরঝিল প্রান্তে খননকাজসহ প্রকল্পের কিছু কাজ হয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। ওই সূত্রমতে, শুরু থেকে প্রকল্পটি বাস্তবায়নে উদাসীনতা ও পরে একাধিক মামলা থাকায় কাজের গতি কমে যায়।