নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবলের অভাবে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচারের সেবা দেওয়া যাচ্ছে না। ফলে প্রসবকালীন জটিলতার কারণে এ উপজেলার মানুষকে ময়মনসিংহ ও এর আশপাশের জেলাগুলোতে ছুটতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলাবাসীকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ২০০২ সালে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালের আগস্টে এ হাসপাতাল ভবনটি উদ্বোধন করা হয়। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে জরুরি প্রসবসেবার (ইওসি) আধুনিক অস্ত্রোপচার কক্ষ। সেখানে সংক্রামক বর্জ্য নিয়ন্ত্রণে অটোক্লেভ মেশিন ও হাইড্রোলিক ওটি টেবিলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামও রয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচারের কার্যক্রম শুরু না হওয়ায় যন্ত্রপাতিগুলো ১০ বছর ধরে পড়ে রয়েছে।
গত রোববার সরেজমিনে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় দেখা যায়, অস্ত্রোপচারের (সিজারিয়ান) কক্ষটি বন্ধ। স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসা কর্মকর্তা বলেন, গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় এ সেবা চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ, গাইনি, শল্য, মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, অর্থোপেডিকস, হৃদ্রোগ, চোখ, নাক-কান-গলা বিভাগে জুনিয়র কনসালট্যান্টের ১০টি পদ রয়েছে। এর মধ্যে শুধু হৃদ্রোগের কনসালট্যান্ট আছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদটিও শূন্য। এ ছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ (পরীক্ষাগারের দায়িত্বপ্রাপ্ত) বিভিন্ন পদে প্রয়োজনীয় লোকবল নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, চিকিৎসা কর্মকর্তা ও নার্সরা মিলে স্বাভাবিক প্রসব সেবা দিয়ে থাকেন। একজন আয়াও আছেন। ইওসি সেবা চালু করার জন্য হাসপাতালে আধুনিক অস্ত্রোপচার কক্ষ ও মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিসহ প্রায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন সমস্যার কারণে জরুরি এই সেবা চালু করা সম্ভব হচ্ছে না।
সান্দিকোনাবাজার এলাকার বাসিন্দা ইলিয়াস বলেন, অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে কয়েক দিন আগে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচার করাতে। এতে বেশি টাকা খরচসহ আসা-যাওয়ায় ভোগান্তিও হয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব-সংক্রান্ত সব সুবিধা পেলে তাঁদের আর বাইরে যেতে হতো না।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন নার্স বলেন, জরুরি প্রসবসেবা নেওয়ার জন্য প্রতি মাসেই অনেক নারী হাসপাতালে আসেন। আবার অনেকে এখানে না এসে সরাসরি অন্য হাসপাতালে চলে যান। এ বছরের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ৫৫ জন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে পাঠানো হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের।
উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী ও প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী মাহমুদা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার (ইওসি) সেবা চালু না থাকায় এলাকার অন্তঃসত্ত্বা নারীরা অস্ত্রোপচারসহ জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী বলেন, ইওসি সেবা চালু না হওয়ায় এ উপজেলার অন্তঃসত্ত্বা নারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে এখানে দ্রুত ইওসি সেবা চালু করা দরকার।
নেত্রকোনার সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, তিনি ঢাকায় গিয়ে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।