বিএডিসির ভিত্তিবীজ আলু উৎপাদন খামারটি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত। বছর দশেক আগে খামারের শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়। দীর্ঘদিনেও পাওনা পাননি এসব শ্রমিক। তাঁদের অনেকে এখন মানবেতর জীবনযাপন করছেন।
ছাঁটাই হওয়া শ্রমিক মোস্তাফিজুর রহমান (৫০) বলেন, ‘আমাদের পুনর্বহাল অথবা অস্থায়ী ভিত্তিতে ওই খামারে কাজ করার জন্য আমরা সর্বশেষ চলতি মাসের ৬ তারিখে কর্তৃপক্ষের কাছে আবেদন করি। ওই আবেদনপত্রে স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছেন। কিন্তু কর্তৃপক্ষ অদ্যাবধি তা বাস্তবায়ন করেননি। এমনকি মন্ত্রণালয়ঘোষিত আট মাসের মজুরি ও একটি উৎসব বোনাস আমাদের এখন পর্যন্ত দেওয়া হয়নি।’
ছাঁটাই হওয়া শ্রমিক আজিজার রহমান (৪০) ও বাবুল মিয়াসহ (৪২) কয়েকজন জানান, ২০০২ সালে তৎকালীন চারদলীয় জোট সরকার কৃষি খামার নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা উপেক্ষা করে এই খামারের ১১০ জন শ্রমিককে ছাঁটাই করে। একই সঙ্গে দেশের অন্যান্য কৃষি খামারেও শ্রমিক ছাঁটাই করা হয়। কিন্তু ওই সব খামারে পরে ওই শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করা হয়। অথচ এই খামারের অধিকাংশ শ্রমিকের কাজের কোনো ব্যবস্থা না করায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
আজিজার রহমান বলেন, ‘ছাঁটাই করার পর কর্তৃপক্ষ বিভিন্ন সময় আমাদের কাজের প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি তা বাস্তবায়ন করেনি। ২০১০ সালের ২৩ মে কৃষি মন্ত্রণালয় আট মাসের মজুরিসহ অস্থায়ী ভিত্তিতে ছাঁটাই করা শ্রমিকদের স্থায়ীভাবে কাজে বহালের নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি।’ কাজ হারানোর পর মতিয়ার রহমান, গৌর চন্দ্রসহ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারাও গেছেন বলে দাবি করেন কয়েকজন শ্রমিক।
ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের উপপরিচালক নির্মল কুমার দাস প্রথম আলোকে বলেন, ২০০২ সালে সারা দেশে বিএডিসির এক হাজার ৬০৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তার মধ্যে এই খামারের ১১০ জন শ্রমিক ছিলেন। ২০১০ সালের ২৩ মে কৃষি মন্ত্রণালয়ের এক বৈঠকে সক্ষম শ্রমিকদের মৌসুমি শ্রমিক হিসেবে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী এখানে সক্ষম শ্রমিকেরা মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করছেন। অনেকের সন্তানেরাও কাজ করছেন। সব মিলে ৬০ জনের মতো হবে। তবে মন্ত্রণালয় টাকা দিলে আট মাসের বকেয়া বেতনও দেওয়া হবে।