প্রতিষ্ঠার ১০ বছরেও পাবনার ঈশ্বরদী বেনারসি পল্লির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ও ঋণ না দেওয়ায় এ পল্লিতে প্লট নেওয়া সব উদ্যোক্তা কারখানা গড়ে তুলতে পারেননি। এ পর্যন্ত মাত্র নয়টি কারখানা গড়ে উঠেছে।ঈশ্বরদী বেনারসি পল্লির কার্যালয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের কয়েক হাজার তাঁতির অর্থনৈতিক সমস্যার সমাধান ও তাঁতশিল্পের প্রসারের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড ২০০০ সালে ঈশ্বরদীতে বেনারসি পল্লির নির্মাণ কার্যক্রম শুরু করে। এ জন্য দুই কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৩ সালের ১২ ডিসেম্বর তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ পল্লির কার্যক্রম উদ্বোধন করেন। এখানে একটি দোতলা ভবন (পল্লির কার্যালয়) ও একটি মসজিদ রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ ও টেলিফোন লাইন দেওয়া হয়েছে।সাড়ে পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ পল্লিতে মোট ৯০টি প্লট আছে। তাঁত বোর্ডের নকশা অনুযায়ী প্রতিটি প্লটে কারখানার জন্য দ্বিতল ভবন নির্মাণ করার কথা। এর ওপর তলায় আবাসন ও নিচতলায় কারখানার কার্যক্রম চালানোর কথা। তবে এ পর্যন্ত মাত্র নয়টি কারখানা গড়ে উঠেছে। কিন্তু একটি কারখানাও তাঁত বোর্ডের নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি। নির্মাণ করা হয়েছে টিনসেডের কারখানা।তাঁতিরা জানান, তাঁত বোর্ডের নকশা অনুযায়ী কারখানা তৈরিতে প্রচুর টাকা খরচ হবে। তাই তাঁরা প্রকল্পের নকশা বাদ দিয়ে টিনসেডের কারখানা তৈরি করেছেন। নূর ইসলাম নামে এক তাঁতি জানান, সরকারি সহায়তা পাওয়ার আশায় তিনি বেনারসি পল্লিতে প্লট কিনেছেন। কিন্তু কোনো ধরনের সহায়তা না পাওয়ায় তিনি কারখানা করার আশা ছেড়ে দিয়েছেন। জাভেদ বেনারসি নামে অপর এক তাঁতি জানান, বর্তমান হিসাব অনুযায়ী প্রকল্পের পল্লিতে একটি কারখানা নির্মাণের জন্য তাঁদের প্রত্যেকের ন্যূনতম আট লাখ টাকা খরচ হবে।সরেজমিনে দেখা গেছে, কারখানা নির্মাণ না করায় পল্লির অভ্যন্তরে কাশবন জন্মেছে। এখন এখানে গরু-ছাগল চরানো এবং ধান শুকানো হয়। বেনারসি পল্লির কার্যালয়ে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পিয়ন আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, তাঁতিদের কাছে নগদ টাকা নেই। ফলে তাঁরা সেখানে প্রকল্পের নকশা অনুযায়ী কারখানা নির্মাণ করতে পারছেন না। তাঁতিদের মধ্যে ঋণ দেওয়ার কার্যক্রম ২০০১ সাল থেকে বন্ধ রয়েছে। এ কারণে তাঁদের ঋণ দেওয়া যাচ্ছে না। তিনি তাঁদের সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।