জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের সঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের বন্দুকযুদ্ধ ও পুলিশের অস্ত্র লুট মামলার বিচারকাজ ১০ বছরেও শুরু করা যায়নি। মামলার আসামি একাধিক জঙ্গিনেতা দেশের বিভিন্ন কারাগারে। জয়পুরহাটে তাঁদের হাজির করতে না পারায় অভিযোগ গঠন করতে পারছেন না আদালত।
মামলার সূত্রে জানা গেছে, ক্ষেতলালের উত্তর মহেশপুর গ্রামের জেএমবি নেতা মনতেজার রহমানের বাড়িতে ২০০৩ সালের ১৪ আগস্ট গভীর রাতে দেশের বিভিন্ন জেলার জঙ্গিনেতাদের সঙ্গে বৈঠক চলছিল। জয়পুরহাট সদর থানার পুলিশ ওই বাড়ি ঘেরাও করলে জঙ্গিরা একযোগে পুলিশের ওপর হামলা চালিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফিসহ পাঁচ পুলিশকে গুরুতর আহত করে। জঙ্গিরা পুলিশের তিনটি শটগান, ৫৫টি গুলি ও ওয়াকিটকি (বেতারযন্ত্র) লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি পুলিশের দিনাজপুর অঞ্চলের পরিদর্শক জালাল উদ্দীন ২০০৮ সালের ৩০ জানুয়ারি ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পিপি দেওয়ান আবু সুফিয়ান জানান, এই মামলার একাধিক আসামি জঙ্গিনেতা দেশের বিভিন্ন কারাগারে বন্দী। এ কারণে জয়পুরহাটে মামলার ধার্য তারিখে তাঁদের উপস্থিত করাতে না পারায় অভিযোগ গঠনের শুনানি সম্ভব হচ্ছে না।
জয়পুরহাটে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, মামলার ধার্য তারিখে কয়েকজন আসামিকে আদালতে হাজির করতে না পারায় অভিযোগ গঠন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এতে অন্য আসামিরা দিনের পর দিন আদালতে হাজিরা দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।