১০ বছরেও বিচার হয়নি জড়িত ব্যক্তিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ জুন। ২০০১ সালের এই দিনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন প্রাণ হারায়। আহত হন সাবেক সাংসদ শামীম ওসমানসহ কমপক্ষে ৫০ জন। দীর্ঘ ১০ বছরেও ওই বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি।ওই বোমা হামলায় আহত ব্যক্তিদের অনেকে পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখন চরম অর্থসংকটে দিন কাটাচ্ছে।বোমা হামলার পরদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুটি মামলায়ই বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারকে প্রধান আসামি করা হয়। ২০০২ সালের জুনে সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।মামলার বাদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, বিগত জোট সরকারের আমলে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাইকোর্টের নির্দেশে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। তিনি জানান, মামলার আসামি শহর স্বেচ্ছাসেবক দলের নেতা ও ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি শাহাদাৎ উল্লাহ জুয়েল বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে সিআইডির কর্মকর্তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পরে বোমা হামলায় নিহত পিঠা বিক্রেতা হালিমা বেগমের ছেলে রিকশাচালক আবু কালাম নতুন একটি মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতা শামীম ওসমান, তাঁর দুই ভাই নাসিম ওসমান ও সেলিম ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানকে আসামি করা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে ওই মামলা খারিজ হয়ে যায়।বোমা হামলায় দুই পা হারানো ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি চন্দন শীল ও যুবলীগের নেতা রতন দাস বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার এখনই উপযুক্ত সময়।বোমা হামলায় নিহত কবি মোক্তার হোসেনের পরিবার বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাঁর দুই ছেলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের মৃত্যুতে তাঁর স্ত্রী তিন সন্তানকে নিয়ে চরম অর্থকষ্টের মধ্যে সংসার চালাচ্ছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সিনিয়র এএসপি মো. মোজাম্মেল হক বলেন, তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান এবং ভারতে পুলিশের কাছে আটক মোত্তাকিন ও মোরছালিন এই বোমা হামলা সংঘটিত করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। তিনি জানান, দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।এদিকে নিহত ব্যক্তিদের স্মরণে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বোমা বিস্ফোরণস্থলে পুষ্পমাল্য অর্পণ এবং শহরে শোক র‌্যালি করা হবে। এ ছাড়া কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে শোক সমাবেশ এবং রাতে একই স্থানে মোমবাতি প্রজ্জ্বালন করা হবে। এ উপলক্ষে শহীদ বাপ্পি স্মৃতি সংসদ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।