১০ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ ১০ বছরেও শেষ হয়নি। সাড়ে ৪৮ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ২৩ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার পর ২০০৭ সালে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। এরপর আট বছর পার হলেও সড়কটির নির্মাণকাজ শুরু হয়নি।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, ‘এই রাস্তাটি নির্মাণ হলে বগুড়ার ওপর নওগাঁর নির্ভরশীলতা কমবে। ঢাকা যাওয়ার জন্য নওগাঁবাসীর বিকল্প পথ না থাকায় বগুড়া শ্রমিক ইউনিয়ন নানাভাবে আমাদের জিম্মি করে থাকে। বগুড়ার ওপর দিয়ে যেতে নওগাঁ শ্রমিক ইউনিয়নের প্রতিটি গাড়িকে কমপক্ষে ৪০০ টাকা করে চাঁদা দিতে হয়। নওগাঁ-নাটোর সড়কটি নির্মাণ হলে এই দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এ ছাড়া নওগাঁর সঙ্গে ঢাকার দূরত্বও কমে আসবে।’
এ ব্যাপারে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম বলেন, এই সড়কটি বাস্তবায়নের জন্য সংসদে ১১ বার দাবি উত্থাপন করা হয়েছে। তারপরও প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে না। অথচ এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। এই সড়কটির প্রায় অর্ধেক কাজ সমাপ্ত হয়েছে। আর ১০০ কোটি টাকা বরাদ্দ পেলেই সড়কটির নির্মাণকাজ শেষ করা সম্ভব। এর জন্য আমলাতান্ত্রিক জটিলতা দায়ী বলে তিনি মন্তব্য করেন।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের জন্য ২০০৫ সালে যোগাযোগ মন্ত্রণালয় ৯৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেয়। কিন্তু পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সীমিত আকারে ৫০ কোটি টাকার অনুমোদন দেয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী নাটোরের নলডাঙ্গায় নির্মাণকাজ উদ্বোধন করেন।
এই অর্থায়নে ২০০৭ সালের জুন পর্যন্ত নওগাঁ-সান্তাহার সড়কের ঢাকা রোড মোড় থেকে নাটোরের নলডাঙ্গা পর্যন্ত সাড়ে ৪৮ কিলোমিটার রাস্তায় মাটি ভরাটের কাজ শেষ হয়। মহাসড়কের নওগাঁ অংশের ২৬ কিলোমিটারের মধ্যে সাড়ে সাত কিলোমিটার রাস্তা পাকা হয়। আর নাটোর অংশের সাড়ে ২২ কিলোমিটার রাস্তার মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা পাকা হয়।
নতুন করে অর্থায়ন না হওয়ায় মোট ২৩ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার পর হাইড্রোলজি সমীক্ষার নামে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণকাজ। সড়কটি পাকা না হওয়ায় বাকি সাড়ে ২৫ কিলোমিটার রাস্তা এখন এলাকাবাসীর গোচারণভূমিতে পরিণত হয়েছে। রাস্তার ওপরে কলার বাগান, সবজি চাষ করছে এলাকাবাসী।
এ বিষয়ে নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল আলিম খান বলেন, ‘এ পর্যন্ত রাস্তাটি নিয়ে বহু টানাহেঁচড়া হয়েছে। তবে আশা করছি, আগামী অর্থবছরে সড়কটির নির্মাণকাজ আবার শুরু হবে। রাজশাহী অঞ্চলের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্ধারিত বাজেটে ২০০ কোটি টাকার ডিপিপি অনুমোদন দেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পেলে এই ২০০ কোটি টাকার পুরোটাই নওগাঁ-নাটোর সড়কের অসমাপ্ত কাজ ও নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা চৌমাশিয়া থেকে নাটোর পর্যন্ত প্রশস্তকরণের কাজে ব্যয় করা হবে। তবে একনেকে প্রকল্পটি অনুমোদন পেতে অন্তত আরও ছয় মাস সময় লাগবে।’