১০ বছরেও শেষ হয়নি বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার ১০ বছর পূর্ণ হবে আজ সোমবার। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বিচার এখনো শেষ হয়নি। ১০ বছরে মাত্র চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলছেন, আসামিপক্ষের বারবার সময়ের প্রার্থনা, উচ্চ আদালতের স্থগিতাদেশ, তদন্তে ধীরগতিসহ নানা কারণে ১০ বছরেও আলোচিত এ হত্যা মামলার বিচার শেষ হয়নি।
তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ কামাল উদ্দিন বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের বারবার সময়ের প্রার্থনা ও স্থগিতাদেশ নেওয়ার কারণে বিচার শেষ হয়নি। তা ছাড়া তদন্তে অনেক দিন লেগে যায়। তিনি বলেন, ধার্য দিনে সাক্ষীদের হাজির করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে মামলার বাদী বিমল শীল নানা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সরকার পরিবর্তন হলে ওরা আমাকেও মেরে ফেলবে। ভিটেবাড়ি ছেড়ে পালাতে হবে।’ তিনি বলেন, ‘আসামিদের বিচারের আওতায় আনতে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলাম। তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বলেছিলেন সংশ্লিষ্টদের। দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসেও সময় শেষ হয়ে যাওয়ায় ফেরত যায়। ৩৮ আসামির মধ্যে জামিনে বেরিয়ে এসেছে ৩২ জন।’
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য বিমল শীল থানায় মামলা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অন্যতম আসামি বিএনপির নেতা আমিনুর রহমানকে বাদ দিয়ে দুই দফায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বাদী এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন। ২০১১ সালের ৯ জানুয়ারি আমিনুর রহমানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেন সিআইডির এএসপি হ্লা চিং প্রু। পরে জাকির নামের এক আসামির নাম রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ১৫ মে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বাদী বিমল শীলের সাক্ষ্য গ্রহণ নিতে লেগে যায় পাঁচ মাস। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিচারকের সংকটের কারণে দুই মাস কার্যক্রম বন্ধ থাকার পর ১৪ নভেম্বর থেকে বাদী বিমল শীলের জেরা শুরু হয়। ১০ মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫৭ সাক্ষীর মধ্যে মাত্র চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। ১৩৫ কার্যদিবস শেষ হয়ে যাওয়ায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে আগের আদালতে ফেরত পাঠানো হয়।
বাদীর অভিযোগ, আসামিপক্ষের আইনজীবীরা অপ্রাসঙ্গিক জেরা করে সময়ক্ষেপণ করেছেন। সূত্র জানায়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসার পর গত ২৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হলেও সেদিন সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে আদালত আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেন। আমিনুর রহমান এ মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম স্থগিত রাখতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন।