১০ বছরেও সংস্কার হয়নি কালভার্ট
বিধ্বস্ত কালভার্টের কারণে ১০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের আটটি গ্রামের বাসিন্দারা।ইউনিয়নের চরকাদহ-কান্দিপাড়া সড়কের একমাত্র ওই কালভার্টটির একটি অংশ ১০ বছর আগে ভেঙে পড়ে। এর দুই বছর পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পর থেকে সেটি আর সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, কালভার্টটির ওপর প্রায় তিন ফুট এলাকাজুড়ে রয়েছে গোলাকার গর্ত। যানবাহন ও পথচারীদের সতর্ক করার জন্য ভাঙা স্থানটিতে ডালপালা ফেলে রাখা হয়েছে। যানবাহন উঠলেই কালভার্টটি কাঁপতে থাকে। ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, প্রায় ৪০ বছর আগে দক্ষিণ চলনবিলের পানি নিষ্কাশন ও মানুষের ভোগান্তি লাঘবের জন্য কালভার্টটি নির্মাণ করা হয়। তখন সেখানে কাঁচা রাস্তা ছিল। ১০ বছর আগে কালভার্টের ওই অংশটি ভেঙে পড়ে। সমপ্রতি রাস্তাটি পাকা করার পর থেকে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। কিন্তু ওই কালভার্টটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।চরকাদহ গ্রামের বাসিন্দা শাহাদৎ হোসেন বলেন, সড়কটি দিয়ে প্রধানত বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও গরু-মহিষের গাড়ি চলাচল করে। কালভার্টটি পার হওয়ার সময় প্রায়ই এসব যান ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। সমপ্রতি দুটি মোটরসাইকেল কালভার্টের গর্তে আটকে পড়ে দুই ব্যক্তি গুরুতর আহত হন।ধারাবারিষা ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ইউনিয়নের বেশির ভাগ মানুষ এই সড়কটি দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। কালভার্টটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শফিউল আযম বলেন, কালভার্টটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।