একটি হত্যা মামলায় ১০ বছরেও সাক্ষ্য উপস্থাপন ও মামলা নিষ্পত্তি না হওয়ায় বিলম্বের বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট অতিরিক্ত পিপি (সরকারি কৌঁসুলি) ও ঢাকা মহানগর পিপিকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। মামলাটি বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।
সূত্র জানায়, ১৯৯৯ সালের ৩০ মে একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত শামীম সোবহান মতিঝিলে খুন হন। ওই ঘটনায় তাঁর ছোট ভাই সাইদুল মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০০২ সালের ২৫ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি মামলা বাতিল চেয়ে ওই আবেদন করেন এক আসামি। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ মো. সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
মামুনুর রশীদ পরে বলেন, ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট অতিরিক্ত পিপি ও মহানগর পিপিকে এ বিলম্বের ব্যাখ্যা লিখিতভাবে ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। ধার্য তারিখ ৪ মার্চ তাঁদের দুজনকে আদালতে উপস্থিত থাকতেও বলা হয়েছে।