১০ বছরেও হয়নি সেতু সাঁকোই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকায় শ্রীমতী খালের ওপর নির্মিত এই সাঁকোটি অর্ধলক্ষাধিক মানুষের ভরসা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকায় শ্রীমতী খালের ওপর নির্মিত এই সাঁকোটি অর্ধলক্ষাধিক মানুষের ভরসা l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকায় শ্রীমতী খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে গেছে ১০ বছর আগে। এরপর আর সেখানে সেতু নির্মাণ করা হয়নি। এলাকাবাসীর চলাচলের জন্য সেখানে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এখন ওই সাঁকোই অর্ধলক্ষাধিক মানুষের ভরসা।
স্থানীয় সূত্র জানায়, ১৯৬২ সালে পটিয়া-করল-ছনহরা কেরিঞ্জা সড়কের ঠেগরপুনি বুড়াগোসাই বৌদ্ধমন্দিরের কাছে একটি সেতু নির্মাণ করা হয়। ২০০৫ সালে প্রবল স্রোতে সেতুটি ধসে যায়। এরপর সেখানে আর সেতু নির্মাণ করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুর জায়গায় তৈরি করা সাঁকোর ওপর দিয়ে লোকজন পারাপার হচ্ছে।
ভাটিখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বসু মিত্র বড়ুয়া জানান, বছরে একাধিকবার স্রোতের টানে সাঁকোটি ভেসে যায়। সাঁকো ভেসে গেলে এলাকাবাসীর চাঁদা ও বুড়া গোসাই বৌদ্ধমন্দিরের অধ্যক্ষের সহযোগিতায় তা আবার নির্মাণ করা হয়। বর্ষাকালে সাঁকো ভেসে গেলে স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাঁকো দিয়ে ভাটিখাইন, ছনহরা ও আশিয়া ইউনিয়নের মানুষ চলাচল করে।
ছনহরা ইউনিয়নের বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, সেতু থাকার সময় এ সড়কে টেম্পো সার্ভিস চালু ছিল। সেতুটি ভেঙে যাওয়ার পর তিন ইউনিয়নের মানুষকে প্রায় চার কিলোমিটার পথ বেশি ঘুরে ভাটিখাইন দিয়ে পটিয়া উপজেলা সদরসহ চট্টগ্রামে যাতায়াত করতে হয়।
ভাটিখাইন বুড়া গোসাই বৌদ্ধমন্দিরের অধ্যক্ষ সংঘ বোধি ভিক্ষু বলেন, সেতু না থাকায় মন্দিরে আসা-যাওয়া করতে গিয়ে তীর্থযাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, সেতু নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না।
এলজিইডির পটিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাগির হোসেন বলেন, সেতু নির্মাণের জন্য ২০১৩ সালে স্থানীয় সরকার অধিদপ্তরে প্রায় এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।