১০ বছরের বেশি সময় বিচারাধীন আসামিরা সহায়তা পাবেন
কারাগারে ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন আসামিদের প্রত্যেককে জাতীয় মানবাধিকার কমিশন আইনি সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ জন্য আরও দ্রুত বিচারকাজ শেষ করতে তিনি বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাজী রিয়াজুল হক এ কথা বলেন। ঘটনাটি মানবাধিকার কমিশন অধিকতর তদন্ত করে দেখবে বলে তিনি জানান।
কাজী রিয়াজুল হক বলেন, থানাহাজতে আসামি মারা যাওয়ার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, হাজতির আত্মহত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার বা বরখাস্ত সন্তোষজনক নয়। তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের।
গত শুক্রবার ভোররাতে জৈন্তাপুর থানাহাজতে নজরুল ইসলাম নামের এক আসামির মৃত্যু হয়। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও নজরুলের পরিবারের দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সিলেট শহরতলির বটেশ্বর এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলার আসামি ছিলেন।
ঘটনার পরদিন থানাহাজতে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনসহ দুজনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।