১০ বস্তা ভেজাল মসলা জব্দ
বগুড়া শহরের পাইকারি বাজার রাজাবাজারের একটি হলুদ-মরিচ ভাঙার কারখানায় অভিযান চালিয়ে ১০ বস্তা ভেজাল মসলা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাওয়ার অযোগ্য মরিচের সঙ্গে ধানের কুড়া, ইটের কুচি ও রং মিশিয়ে মেশিনে গুঁড়া করে প্যাকেটজাত করা হচ্ছিল। একইভাবে নিম্নমানের হলুদের সঙ্গে ইটের কুচি, ধানের কুড়া ও রং মিশিয়ে মেশিনে ভেঙে ‘ভালো মানের হলুদ’ হিসেবে বাজারজাত করার জন্য প্যাকেটে ভরা হচ্ছিল। এ তথ্য পেয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের বিচারককে সঙ্গে নিয়ে গতকাল রোববার সেখানে অভিযান চালান। এরপর তাঁরা হাতেনাতে ভেজাল মরিচ ও হলুদ তৈরির অভিযোগের প্রমাণ পান। তবে আগেই খবর পেয়ে পালিয়ে যান কারখানার মালিক।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বগুড়ার নির্বাহী হাকিম শিমুল কুমার সাহা ভেজাল পণ্য বিক্রি ও বাজারজাত করার দায়ে কারখানার মালিক মো. মামুনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে কারখানা থেকে জব্দ করা হয় বিক্রির জন্য রাখা ১০ বস্তা মরিচ ও হলুদের গুঁড়া। পরে সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী।
তিনি জানান, পৌরসভার কাছে খবর ছিল রাজাবাজারের ওই কারখানায় নিম্নমানের ভেজাল মরিচ ও হলুদ গুঁড়া প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে। বিএসটিআইয়ের সহকারী পরিচালক আবদুল আওয়ালকে এ খবর দেওয়া হয়। এরপর গতকাল দুপুরে সেখানে অভিযান চালানো হয়।