১০ বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার ২০১২
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১০ বিশিষ্ট ব্যক্তিকে ২০১২ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার দেবেন।গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি এবং ২৬ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরণোত্তর); মুক্তিযুদ্ধের শুরুতে সিরাজগঞ্জে প্রতিরোধ যুদ্ধের সংগঠক এবং ১৯ মে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত সিরাজগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুুদ্দিন (মরণোত্তর); ছাত্রী অবস্থায় মুক্তিযুদ্ধের শুরু থেকে চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিৎসকের দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী এবং ‘জন্ম আমার ধন্য হল মা গো’-এর মতো বহু গণজাগরণমূলক গানের গীতিকার এবং ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর কাছ থেকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহনকারী মুক্তিযোদ্ধা নয়ীম গহর।এ ছাড়া শিক্ষায় খ্যাতনামা নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, চিকিৎসাবিদ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সাহিত্যে বিশিষ্ট সাহিত্যিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, সাংবাদিকতায় দৈনিক সংবাদ-এর সাবেক সম্পাদক মরহুম বজলুর রহমান (মরণোত্তর) এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিদ ড. কামরুল হায়দার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।