১০ বিশিষ্ট ব্যক্তির নামে বৃত্তি দেবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উদ্যোক্তা তৈরির মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ?’ বিজয়ীদের বৃত্তি দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ। ১০ জন বিশিষ্ট ব্যক্তির নামে তারা এই বৃত্তি দেবে।
এঁদের মধ্যে আছেন ফারাজ আইয়াজ হোসেন, যিনি গত বছরের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
যাঁদের নামে এই বৃত্তি দেওয়া হবে তাঁরা হলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, এসিআইয়ের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, এডকম লিমিটেডের গীতি আরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি রোকিয়া আফজাল রহমান, বিআরবির চেয়ারম্যান মজিবুর রহমান এবং সাহস ও বন্ধুত্বের প্রতীক ফারাজ আইয়াজ হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা। তিনি বলেন, সারা দেশ থেকে বাছাই করা যোগ্য এবং উদ্যমী তরুণ-তরুণীদের শতভাগ বৃত্তি দিয়ে সহায়তা করা হবে। ‘আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ?’ নামে গত বছর উদ্যোক্তা খোঁজার প্রতিযোগিতা শুরু করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বছর দ্বিতীয় দফায় এই প্রতিযোগিতার জন্য ১ এপ্রিল থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতায় অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে এই সাইটে, http://next-startup.net/
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান, এসকেঅ্যান্ডএফের পরিচালক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।