১০ ব্যক্তির হজে যাওয়া অনিশ্চিত
নাটোরের বড়াইগ্রামে মোয়াল্লেমের (এজেন্ট) প্রতারণার শিকার ১০ ব্যক্তির হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মোয়াল্লেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি হজে যাওয়ার উদ্দেশ্যে জমা দেওয়া প্রায় ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ইদ্রিস মাহমুদ হেলালী নিজেকে মোয়াল্লেম পরিচয় দিয়ে ‘বায়তুল্লাহ হজ কাফেলা’ নামে অফিস চালু করেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। হজে যাওয়ার উদ্দেশ্যে তাঁর কাছে বড়াইগ্রামের কয়েকটি গ্রামের ১০ জন মোট ২১ লাখ ৪০ হাজার টাকা জমা দেন। এর মধ্যে উপজেলার রয়না গ্রামের মতিউর রহমান গাজী ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম পাঁচ লাখ টাকা, হাফেজ অহিদুল ইসলাম দেড় লাখ, রোলভা গ্রামের সোলায়মান প্রামাণিক ও তাঁর স্ত্রী নূপুরজান বেগম পাঁচ লাখ, তারানগর গ্রামের নুরুল ইসলাম ও তাঁর মা ছকিনা বেগম চার লাখ, জুবায়ের হোসেন আড়াই লাখ, মৌখাড়া গ্রামের শফিকুল ইসলাম দুই লাখ ৩০ হাজার এবং মাওলানা নুরুল ইসলাম এক লাখ ১০ হাজার টাকা জমা দেন। হজে যাওয়ার জন্য তাঁরা পাসপোর্ট এবং মেডিকেল চেকআপ সম্পন্ন করেছেন। কিন্তু প্রায় ১৫ দিন ধরে মোয়াল্লেম অফিস বন্ধ রেখে পালিয়েছেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এমনকি তাঁর দেওয়া ঠিকানা অনুযায়ী গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সর্বশেষ গত রোববার মোয়াল্লেম ইদ্রিস মাহমুদ হেলালী মুঠোফোনে জানান, ঢাকার বদরপুর ট্রাভেলসের মাধ্যমে ২৫ অক্টোবরের ফ্লাইটে ওই ১০ জনকে সৌদি আরব পাঠাবেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁরা সোমবার বদরপুর ট্রাভেলসে যান। কিন্তু ট্রাভেলসের কেউ মোয়াল্লেমকে চেনেন না। ঢাকার বদরপুর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মুহতাসিম বিল্লাহ বলেন, ‘আমি ইদ্রিস মাহমুদ হেলালী নামের কোনো লোককে চিনি না। এ নামে যদি কেউ আমার ট্রাভেলস কোম্পানির নাম বলে থাকেন, তাহলে তিনি প্রতারণা করেছেন। আমি এ ব্যাপারে কিছু জানি না।’ মোয়াল্লেম ইদ্রিস মাহমুদ হেলালীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।