১০ ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে ৩৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং ও সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ১০ ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে ৩৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানী ও চট্টগ্রামের ১১ থানায় এসব মামলা হয়েছে।অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলায় অন্য যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো হচ্ছে— ভুয়া ব্যাংক হিসাব খোলা, ভুয়া ক্লিয়ারেন্স দেওয়া ও ব্যাংক হিসাব গোলমাল করা। মামলা অনুযায়ী আত্মসাৎ করা টাকার অঙ্ক ১৮ কোটি ৪২ লাখ। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডি থানা, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, কাফরুল, পল্লবী, গুলশান, বাড্ডা, রামপুরা এবং চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাগুলো করা হয়। মামলার বাদী দুদকের মানি লন্ডারিং ও অনিয়ম তদন্তসংক্রান্ত কমিটির প্রধান উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার সাবেক ম্যানেজার ও বর্তমানে প্রধান কার্যালয়ের এজিএম আজিজুল হক, জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিমুদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন, ক্লিয়ারিং হাউসের কর্মকর্তা লুৎফর রহমান, সাপোর্টিং সাব স্টাফ আজিজুল হক ও মাইনুল হক, মোবাইল মেলার মালিক আবু সালেক, শ্যামল বাংলা প্রপার্টিজ লিমিটেডের মালিক নুরে আলম, বাবুল মিয়াসহ মোট ১৮ জনের নামে এসব মামলা করা হয়েছে। বাদী দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখায় কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে ব্যক্তি হিসাব খুলে তার বিপরীতে চেকবই ইস্যু করা হয়। পরে ভিন্ন নামে ১৮টি বেসরকারি ব্যাংকে ৩৩টি হিসাব খোলা হয়। পরে সোনালী ব্যাংকের চেক দিয়ে ওই সব বেসরকারি ব্যাংকের হিসাবে টাকা জমা দেওয়া হয়। সোনালী ব্যাংকের হিসাবে অর্থ না থাকলেও ব্যাংকের ক্লিয়ারিং হাউসের ছাড়পত্রের কারণে বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন চেকের বিপরীতে অর্থ দিয়েছে। এভাবে মোট ১৮ কোটি ৪২ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। দণ্ডবিধি ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪ ধারায় মামলা করা হয়েছে বলে বিভিন্ন থানার কর্তব্যরত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।