১০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক নারী ও শিশুসহ ১০ ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের ফেরত পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক মোসলেহ উদ্দিন জানান, জহুরপুর সীমান্তের ২৭/৭ সাব-পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় ওই ১০ নাগরিক মঙ্গলবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে তাঁদের ফেরত চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বিজিবি-বিএসএফের মধ্যে ওই পতাকা বৈঠক হয়।
ভারতীয় নাগরিকেরা হলেন মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুর গ্রামের রেখা বিবি, মনোয়ারা বেগম, আয়েশা খাতুন, কয়েনা খাতুন, ফুলটুসি খাতুন, মেরিনা বিবি, রসুল শেখ, মাহবুর রহমান, ফিতারা বেগম ও জুলেখা খাতুন।