১০ ভুয়া ডিবি গ্রেপ্তার
রাজধানীর পরীবাগ এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ১০ প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ করতেন বলে জানিয়েছে ডিবি।এঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি গাড়ি, তিনটি বেতার যন্ত্র (ওয়্যারলেস), তিন জোড়া হাতকড়া, পুলিশের পোশাক, ছয় রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছোরা ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।গতকাল ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবির জ্যেষ্ঠ পরিদর্শক আবদুল আহাদের নেতৃত্বে একটি দল রাজধানীর হোটেল রূপসী বাংলা (সাবেক শেরাটন) ক্রসিংয়ে মেঘনা পেট্রলপাম্পের সামনে থেকে এঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শামীম (৩৫), ইয়াসিন ওরফে শহিদ (৩৮), কাজী মোতালেব (৩৮), আজিজুল (৩৫), মন্নু মিয়া (৩৫), মোজাফ্ফর (৩৮), আমির হোসেন (৩৫), মো. সেলিম (৩৫), নেছার আলী (৩০) ও মো. নাসির (৩০)।জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুল আহাদ বলেন, বিভিন্ন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ টাকা তুললে এই প্রতারকেরা তাঁদের অনুসরণ করেন।