১০ ভুয়া দন্ত চিকিৎসককে বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ১০ জন ভুয়া দন্ত চিকিৎসককে আটক করে র্যাব। পরে তাঁদের ছয় মাস থেকে এক বছরের সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন পদ্মা ডেন্টাল কেয়ারের নবাব মিয়া, সাভার ডেন্টাল কেয়ারের আবদুল মালেক ও আবু তৈয়ব, মডার্ন ডেন্টাল কেয়ারের মনির হোসেন, চৌধুরী ডেন্টাল কেয়ারের আনিসুজ্জামান, সাহারা ডেন্টাল কেয়ারের সামসুল হক, সেবা ডেন্টাল কেয়ারের আবুল কালাম, মেরিনা ডেন্টাল কেয়ারের মনিরা আক্তার এবং নিউ ডেন্টাল হলের শাহীনুর আলম ও আবদুল আজিজ খান।
র্যাব-৪ সূত্র জানায়, বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ম্যাজিস্ট্রেট আল-আমিন। সঙ্গে ছিলেন র্যাব-৪-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।
আটককৃতদের মধ্যে নবাব মিয়া, আবদুল মালেক, সামসুল হক ও মনিরা আক্তারকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে আবদুল মালেক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
আল-আমিন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে চিকিৎসার নামে জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন, যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর পরিপন্থী। এ কারণে তাঁদের সাজা দেওয়া হয়েছে।