১০ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের ১২ মামলায় হাজিরা দিতে গতকাল বুধবার পুরান ঢাকার আদালত পাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া l ছবি: প্রথম আলো
নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের ১২ মামলায় হাজিরা দিতে গতকাল বুধবার পুরান ঢাকার আদালত পাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি গতকাল বুধবার তাঁর উপস্থিতিতে শুরু হয়েছে। আংশিক শুনানি নিয়ে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম ১৬ আগস্ট আসামিদের পক্ষে শুনানির দিন ধার্য করেছেন।
খালেদা জিয়া গতকাল নাইকো দুর্নীতি মামলাসহ দুর্নীতি, নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মোট ১২টি মামলায় আদালতে হাজির হন। এর মধ্যে ১০টি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।
বিএনপির চেয়ারপারসন দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার আদালতপাড়ায় পৌঁছান। প্রথমে তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান। আইনজীবীরা তাঁর পক্ষে সময়ের আবেদন করেন। পরে নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় করা বিশেষ ক্ষমতা আইনের আট মামলায় একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গত বছর বিএনপিসহ ২০-দলীয় জোট হরতাল-অবরোধ ডাকে। খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এই মামলাগুলোতে তাঁকে হুকুমের আসামি করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। অথচ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা এই নয় মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে রাষ্ট্রদ্রোহসহ ছয়টি মামলার অভিযোগপত্র আমলে নেন আদালত। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের বিষয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন।
বড়পুকুরিয়া কয়লাখনিসংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় এরপর খালেদা জিয়া হাজির হন একই ভবনের ষষ্ঠ তলায় বিশেষ জজ আদালত-২-এ। এ মামলায় তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, এ মামলার বিষয় নিয়ে হাইকোর্টে করা আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত ৮ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।
ওই আদালত থেকে খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় বেলা সোয়া একটার দিকে রেবতী ম্যানশনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯-এ যান। এ মামলার অন্য আসামিরাও আদালতে হাজির ছিলেন। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। তাঁর পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, এই মামলা চলবে কি না, এ নিয়ে আপিল বিভাগে আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি রাখা হোক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ২০০৮ সালে করা এই মামলার কার্যক্রম চলার ক্ষেত্রে উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ নেই। তাই অভিযোগ গঠনের শুনানি করতে কোনো বাধা নেই।
খালেদা জিয়ার অপর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, কোনো মামলার বিষয় নিয়ে যখন উচ্চ আদালতে কোনো আবেদন শুনানির জন্য থাকে, তখন নিম্ন আদালতের শুনানি গ্রহণ করার সুযোগ নেই। এ সময় বিচারক বলেন, এই মামলার কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাই চলতে বাধা কোথায়? পরে বিচারক সময়ের আবেদন নাকচ করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন, খালেদা জিয়া আরও কয়েকটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। আরও একটি মামলায় তিনি হাজিরা দেবেন। এই মামলার বৈধতা নিয়ে করা আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
দুদকের আইনজীবী বলেন, এ মামলার অন্য কোনো আসামির পক্ষে আবেদন করা হয়নি। তাই আদালত চাইলে খালেদা জিয়া বাদে অন্য ব্যক্তিদের বিষয়ে শুনানি নিতে পারেন। খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, নিরাপত্তার বিষয় আছে। তিনি রাজনৈতিক অনেক কাজে ব্যস্ত থাকেন। তাঁকে হাজির করা বা তাঁর হাজির হওয়া খুব দুরূহ কাজ। তাই শুনানি শুরু হোক।
শুনানি শেষে খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দফায় করা সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত। দুদকের আইনজীবী অভিযোগ গঠনের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। আসামি শহিদুল ইসলামের অব্যাহতি চেয়ে করা আবেদনের আংশিক শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। বিচারক আমিনুল ইসলাম ১৬ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে খালেদা জিয়াসহ অন্যদের পক্ষে শুনানির দিন ধার্য করেন।
বিশেষ জজ আদালত-৯ থেকে মুখ্য মহানগর হাকিম আদালতে থাকা দারুসসালাম থানার আরেকটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। আদালত আবেদন মঞ্জুর করেন। এরপর তিনি আদালত থেকে বের হয়ে গুলশানের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে আরও অংশ নেন আবদুল্লাহ আবু, মীর আহমেদ আলী সালাম, তাপস কুমার পাল, ওমর ফারুক আসিফ প্রমুখ। আসামিপক্ষে শুনানিতে আরও অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম প্রমুখ।
আদালত এলাকার নিরাপত্তা: খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার আদালতপাড়া, জনসন রোড, বাহাদুর শাহ পার্কসহ পুরো এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিপুলসংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য আদালতের প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন। দায়রা জজ আদালতের ফটকে দুটি আর্চওয়ে বসানো হয়। আদালতের প্রবেশপথগুলোতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের তল্লাশি করে ঢুকতে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পরিচয়পত্রও দেখাতে হয়।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, বিএনপির কমিটি ঘোষণার পর খালেদা জিয়া গতকাল প্রথম আদালতে হাজিরা দিতে এসেছেন। এ জন্য দলীয় নেতা-কর্মীদের ভিড় এবং সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয় মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।