১০ মামলায় বিএনপির তিন নেতার আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ১০টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও রফিকুল ইসলাম মিয়া এবং ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই তিন নেতার আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই আদালত দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগার লবীর সাজার রায় বাতিল ঘোষণা করেন।মওদুদের জামিন: রাষ্ট্রদ্রোহের অভিযোগে খুলনায় করা মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত মওদুদ আহমদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ৮ আগস্ট অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) এস এম সাজ্জাদ আলী খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মওদুদ আহমদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ৪ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে মওদুদ ও তাহের সরকার উৎখাতের বক্তব্য দেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে এ মামলায় আইনজীবীর মাধ্যমে মওদুদ জামিনের আবেদন জানান। নয় মামলায় জামিন: পৃথক নয় মামলায় শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্টের ওই বেঞ্চ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তাঁদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে বগুড়া, ভোলা, পঞ্চগড়, ঢাকা, মুন্সিগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া ও চট্টগ্রামে করা আটটি মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন আদালত। আর সিরাজগঞ্জে করা একটি মামলায় পুলিশি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। গতকাল আদালতে হাজির হয়ে বিএনপির এ দুই নেতা আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। জানা গেছে, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিয়া তাঁদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।আলী আসগারের সাজা বাতিল: দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগারের সাজার রায় বাতিল করেছেন হাইকোর্টের একই বেঞ্চ। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আলী আসগারের করা আপিল মঞ্জুর করে গতকাল হাইকোর্ট এ রায় দেন।জানা যায়, ২৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ১৪৫ টাকার তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ লবীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় মামলা করে। একই বছরের ৮ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় আলী আসগারকে ১৩ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন।