দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হত্যা ও নাশকতার ঘটনায় করা ২১ মামলার মধ্যে ১০টিতে ৩১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত এ নাশকতা সংঘটিত হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযোগপত্রের প্রায় অর্ধেক আসামি গ্রেপ্তার হয়নি। তাঁদের মধ্যে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমির আনিসুল মোস্তফা, কলাউজান ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ ছিদ্দিক, জামায়াত ও শিবির ক্যাডার মোহাম্মদ কাইয়ুম, কাজী নুরুল আলম, জসিমউদ্দিন সরকার, মো. মাহফুজুর রহমান, মো. আমান উল্লাহ, সেলিম ফোরকান প্রমুখ রয়েছেন। তাঁরা সহিংস ঘটনায় নেতৃত্ব দেন বলে পুলিশের অভিযোগ। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। এর জের ধরে ওই দিন লোহাগাড়া উপজেলার জমির কমপ্লেক্স নামের একটি কমিউনিটি সেন্টার থেকে কনস্টেবল তারেকুল ইসলামকে ধরে নিয়ে কোপাতে থাকে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় লোহার খন্তা ঢুকিয়ে দেওয়া হয়। নিহত তারেকের গ্রামের বাড়ি ফেনীতে। ছাত্রজীবনে তারেক শিবিরের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, কনস্টেবল তারেক খুনের ঘটনায় লোহাগাড়া জামায়াত-শিবিরের ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত বছরের মার্চের প্রথম সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কক্সবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে সমর্থ হয় জামায়াত-শিবির। এ সময় বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় করা আরও নয়টি মামলায় ২১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
চট্টগ্রামে জেলার পিপি মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘লোহাগাড়া-সাতকানিয়ায় জামায়াত-শিবির জঙ্গিদের মতো আচরণ করেছে। সংশ্লিষ্ট আসামিদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা নিশ্চিত করতে আমাদের আইনি প্রস্তুতি আছে।’
এদিকে গত বছরের ১০ নভেম্বর রাতে বার আউলিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমানকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নিহত মাহবুব ছিলেন পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসেনের ছেলে।
অসচ্ছল পরিবারের ছেলে মাহবুব টিউশনি করে নিজের এবং মায়ের হাত খরচ চালাতেন। জামায়াত-শিবিরের সহিংস ঘটনার সময় রাস্তায় নেমে অবরোধ সরাতেন তিনি। এ কারণে প্রতিপক্ষের রোষানলে পড়ে প্রাণ হারাতে হয় তাঁকে।
মাহবুবের মা জেসমিন আক্তার ডুকরে কেঁদে ওঠে বলেন, ‘আমার ছেলে রাজনীতিতে সক্রিয় ছিল। পাশের গ্রামের লোকজনই আমার ছেলেকে খুন করেছে। ওরা আগেও হুমকি দিয়ে বলেছিল, ফকিরনির পোলা রাজনীতি করে। রাজনীতি করা নাকি দেখাইয়া দেবে। এ জন্যে আমি ছেলেকে হারালাম। আমি এখন কী নিয়ে বাঁচব?’
লোহাগাড়া থানার ওসি শাহজাহান বলেন, ‘মাহবুব হত্যা মামলার তদন্তে অগ্রগতি আছে। আমরা আরেকটু সময় নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করব।’