১০ মার্চের মধ্যে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে আগামী ১০ মার্চের মধ্যে ব্যাটারিচালিত অবৈধ রিকশা উচ্ছেদের দাবি জানিয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশাচালক ও মালিকদের কয়েকটি সংগঠন। একই সঙ্গে এসব রিকশা তৈরির কারখানা ও গ্যারেজ সিলগালা করে দেওয়ারও দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। ১০ তারিখের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১২ মার্চ নগর ভবন ঘেরাও করা হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার ওপর ১০ লাখ লোকের জীবিকা নির্ভর করছে। কিন্তু দিন দিন ব্যাটারিচালিত অবৈধ রিকশার দৌরাত্ম্য বেড়েই চলছে। প্রশাসন সব জেনেও নির্বিকার। বক্তারা আরও বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে গত সেপ্টেম্বর থেকে সিএনজি অটোরিকশা ও রিকশাচালক মালিক সমিতি আন্দোলন শুরু করেছিল। তখন প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু এরপর কয়েক মাস পার হয়ে গেলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
চট্টগ্রাম মহানগর অটোরিকশা বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আজম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিকনেতা ওয়াজি উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন, চট্টগ্রাম মহানগর অটোরিকশা বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি তরুণ কান্তি দাশ, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ ফারুক।