১০ মাস পর আসামি গ্রেপ্তার হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়ায় সাকিম হোসেন টিনু (২৫) অপহরণের ১০ মাস ১০ দিন পর অপহরণ মামলার অন্যতম আসামি বকুল হোসেনকে (২২) ২৬ এপ্রিল গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল হোসেন ও তাঁর সাত-আটজন সহযোগী সাকিম হোসেনকে অপহরণ করার পর হত্যা করার কথা স্বীকার করে ২৭ এপ্রিল বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।আদালত ও থানা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার গুনাহারের কুড়াহার গ্রামের মাদ্রাসাপড়ুয়া ছাত্রীকে ভালোবাসার কারণে সাকিম হোসেন টিনুকে অপহরণ করে বকুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। জবানবন্দিতে বকুল হোসেন বলেছেন, ‘তাঁর মাদ্রাসাপড়ুয়া ভাগনিকে (১৩) সাকিম ভালোবাসত। সে বিভিন্ন সময় আমার ভাগনিকে রাস্তায় উত্ত্যক্ত করত। ভাগনি বিষয়টি তার মা-বাবাসহ পরিবারের লোকজনকে জানালে তাঁরা সাকিমকে কয়েকবার শাসায়।’ তার পরও তাকে বিরত করতে না পারায় গত বছরের ১৬ জুন সন্ধ্যায় আক্কেলপুর-রায়কালী সড়কের তালতলী নামক স্থানে আসামিরা সাকিমকে অপহরণ করার জন্য ওঁৎ পেতে থাকে। রাতে রায়কালী বাজার থেকে সাকিম হোসেন বাড়ি ফেরার জন্য ওই রাস্তা দিয়ে আসার সময় আসামিরা তাকে আটক করেই এলোপাতাড়ি কিলঘুষি মারে। আসামিদের একজন শিশুগাছের ডাল দিয়ে সাকিমের মাথার পেছনে আঘাত করলে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আসামিরা ওই রাতেই সাকিমকে কুড়াহার গ্রামের ডংগারা শ্মশানে পুঁতে রাখে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘বকুল হোসেনের জবানবন্দি মোতাবেক ওই দিন বিকেলে সহকারী পুলিশ সুপার বি-সার্কেলের নেতৃত্বে আসামিকে নিয়ে কুড়াহার ডংগারা শ্মশানে অপহূত সাকিমের লাশ উদ্ধারের চেষ্টা করি। কিন্তু লাশ না পাওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করি। আসামি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।’