১০ মাস পর খুলনা বিএনপির কমিটি, অনেকের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের একটি অভিজাত হোটেলের কক্ষে বসে আংশিক কমিটি গঠনের প্রায় ১০ মাসের মাথায় ঘোষণা করা হলো খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। গত রোববার রাতে ঘোষিত ওই কমিটিতে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ছাড়াও রয়েছে ১৫১ জনের নির্বাহী কমিটি। তবে জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল আলম স্বাক্ষরিত ওই কমিটি সংবাদপত্রে বিলি হলেও গত মাসে এ কমিটি দলের কেন্দ্রীয় মহাসচিবের অনুমোদন পেয়েছে বলে জেলা সাধারণ সম্পাদক জানিয়েছেন।জেলা বিএনপি ছাড়াও থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি গঠনের সময় স্বচ্ছতা ছিল না বলে আরেক পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পদ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিগত দিনে বিদ্রোহ করলেও সদ্য গঠিত কমিটিতে পদ পাওয়ার কারণে কোনো কোনো নেতা এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন এম নূরুল ইসলাম, জিএ সবুর, স ম বাবর আলী, মো. সাহাবুদ্দিন, সৈয়দ শহীদ উল্লাহ. আইয়ুব আলী মাস্টার, ইমদাদুল হক, শেখ আবদুল মজিদ, এনামুল হক, জাহাবকস্ বিশ্বাস ও উকিল উদ্দিন সরদার।১৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সম্পাদকীয় পদ রয়েছে ৯৯টি। মাজিদুল ইসলামকে সভাপতি ও শফিকুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সহসভাপতি আছেন ১৫ জন। যুগ্ম সাধারণ সম্পাদক চারজন। সহসাংগঠনিক সম্পাদক তিনজন। ৫২ জন সদস্যের মধ্যে বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে থেকে প্রতিনিধি রাখা হয়েছে।জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্রোহী অংশের অন্যতম নেতা মনির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ব্যক্তি দলকে কুক্ষিগত করে যা খুশি তাই করছেন। এটা জেলা বিএনপির কমিটি বলা যাবে না। বিএনপির জন্মলগ্ন থেকে এই প্রথম খুলনা জেলা বিএনপির কমিটি হলো কাউন্সিল ছাড়া।’বিদ্রোহী অংশের আরেক নেতা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ সাজ্জাদ বাবলা বলেন, ‘অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে কোনো প্রকার সম্মেলন ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ১/১১-এর পর দলের সাধারণ নেতা-কর্মীদের ফোন পর্যন্ত রিসিভ করেননি। এটি কখনোই জেলা বিএনপির কমিটি হতে পারে না।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিটি করার চেষ্টা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে থাকেন, তাঁদের দলের বিভিন্ন কমিটিতে রাখার চেষ্টা করা হবে।’প্রথমে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় গত বছর ৩০ নভেম্বর রাতে। ওই সময় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। তবে ওই কমিটির বিরুদ্ধে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ সাজ্জাদ আদালতে মামলা দায়ের করলে আদালত কমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর খুলনা জেলা বিএনপি নিয়ে চলে আন্দোলন-সংগ্রামসহ পাল্টাপাল্টি কর্মসূচি।