১০ মাসে রেলের লোকসান ৬১৪ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ব্যয় হয়েছে ১ হাজার ১৭২ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। এ সময়ে রেলের আয় হয়েছে ৫৫৭ কোটি ৩২ লাখ টাকা। এই ১০ মাসে রেলের লোকসান ৬১৪ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার সাংসদ মোহাম্মদ নোমানের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান। এতে মন্ত্রী ২০০৯-১০ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত রেলওয়ের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে রেলে ১ হাজার ৬৮৪ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়েরে বিপরীতে আয় হয়েছে ৮০৫ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা। এই বছর লোকসান হয়েছে ৮৭৯ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার টাকা।
২০১১-১২ অর্থবছরে রেলওয়েতে ব্যয় হয়েছে ১ হাজার ৭২৯ কোটি ৭৮ লাখ ১ হাজার টাকা। এই অর্থবছরে আয় হয়েছে ৬২৮ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকা, লোকসান হয়েছে ১ হাজার ১০০ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার টাকা।
২০০৯-১০ অর্থবছরে ১ হাজার ৩৮৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছে ৫৮৩ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকা। মহাজোট সরকারের প্রথম বছরে রেলে লোকসান হয় ৮০০ কোটি ৮২ লাখ ছয় হাজার টাকা।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।