১০ মাসেও অভিযোগপত্র দাখিল না হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ কেজি ২০০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে করা মামলায় প্রায় ১০ মাসেও তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মতিউর রহমানকে ১৮ জুলাই আদালতে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিকালে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, আকিজ বিড়ির চালানের সঙ্গে ২৫ কেজি ২০০ গ্রাম হিরোইনসদৃশ সাদা পাউডার মালয়েশিয়ায় পাঠানোর সময় গত বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৮ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় চারটি প্রতিষ্ঠান ও সাইফুর রহমান মামুনের বিরুদ্ধে মামলা করে। তদন্তকালে ওই এয়ারওয়ে বিল এম এ গাফফার মৃধা অবৈধ কৌশলে সরবরাহ করেন বলে অভিযোগ পাওয়া যায়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি গাফফার মৃধা গ্রেপ্তার হন। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গাফফার মৃধা জামিন চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ। পরে গাজী মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুসারে ১২০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের নিয়ম রয়েছে। ১০ মাস পরও তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল না করায় লিখিতভাবে এর কারণ ব্যাখ্যা করতে আদালত ১৮ জুলাই পুলিশের পরিদর্শক মতিউর রহমানকে হাজির হতে নির্দেশ দিয়েছেন।