১০ মাসেও উদ্ঘাটিত হয়নি কিশোরী রাফিদার মৃত্যুরহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাস পেরিয়ে গেলেও উদ্ঘাটিত হয়নি সপ্তম শ্রেিণর ছাত্রী রাফিদা আক্তার নিহারের (১৩) মৃত্যুরহস্য। মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে রাফিদার সৎবাবা ও ভাইদের বিরুদ্ধে মামলা করেছেন তার মা। আর মামলার তদন্ত শেষে এটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। পরে বাদীপক্ষের নারাজি আবেদনে আদালত ঘটনাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়েন্দা পুলিশকে।
এখনো তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশ মামলার বাদী ও রাফিদার মা খালেদা আক্তার। খালেদা আক্তার অভিযোগ করেন, আসামিপক্ষের সঙ্গে যোগসাজশে এর আগে পুলিশ মিথ্যা প্রতিবেদন দিয়েছে।
প্রথম আলোকে খালেদা আক্তার বলেন, ‘আমাকে ঘরে আটকে রেখে আমার মেয়েটিকে মারধর করে খুন করেছে তারা। এরপর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে একে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করছে। আসামিদের কেউই এক দিনের জন্যও গ্রেপ্তার হয়নি। এখনো প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।’
রাফিদার পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকার বাসিন্দা শফিউল আলম সওদাগরের সঙ্গে রাফিদার মা খালেদা আক্তারের বিয়ে হয়। দুই পক্ষেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর মায়ের সঙ্গে রাফিদাও নতুন সংসারে থাকতে শুরু করে। কিন্তু অল্প দিনের মধ্যেই স্বামী ও সৎছেলেরা বিভিন্ন বিষয় নিয়ে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় গত বছরের ৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বসার ঘরে ঝুলন্ত অবস্থায় রাফিদার লাশ পাওয়া যায়। পরে রাত দুইটার দিকে চান্দগাঁও থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে ঘটনার ১৭ দিন পরে স্বামী ও চার সৎছেলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন রাফিদার মা।
আদালতের নির্দেশে চান্দগাঁও থানা এফআইআর হিসেবে নিয়ে মামলাটির তদন্তভার দেয় উপপরিদর্শক জাকের হোসেনকে। বাদী অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা শুরু থেকেই আসামিপক্ষের সঙ্গে হাত মেলায়। আসামিদের গ্রেপ্তার ও ঘটনাটির সুষ্ঠু তদন্ত না করে বাদীকে উল্টো মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ কারণে গত বছরের অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য আদালতে আবেদন জানায় বাদীপক্ষ। তবে সেটি খারিজ হয়ে যায়।
এরপর গত বছরের ১৯ নভেম্বর মায়ের বকুনি খেয়ে রাফিদা আত্মহত্যা করেছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে পুলিশ। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মো. শাহেদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ আছে, মৃত্যুর কারণ মাথায় আঘাতজনিত। অথচ পুলিশ প্রতিবেদনে লিখেছে, “ফ্যানের হুকের সঙ্গে জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেওয়ার পর ওড়না লম্বা হয়ে দুই ফুট দূরে দেয়ালে বাড়ি খেয়ে মাথায় আঘাত পেয়েছে রাফিদা”, যা একেবারেই অসম্ভব।’
তবে বাদীপক্ষের সব অভিযোগ অস্বীকার করে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা জাকের হোসেন বলেছেন, ‘তদন্তে যা পেয়েছি, তা-ই প্রতিবেদনে এসেছে।’
পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর বাদীপক্ষের নারাজি আবেদনের কারণে এ বছরের ফেব্রুয়ারিতে মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী বলেন, আদালত আবেদন মঞ্জুরের আদেশেও ‘সার্বিক বিবেচনায় দাখিলীয় পুলিশ প্রতিবেদন গ্রহণযোগ্য মনে হয়নি’ কথাটা উল্লেখ করেছেন।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. বদরুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, ‘সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। জটিল মামলা হওয়ায় তদন্ত শেষ করতে কিছুটা সময় বেশি লাগছে।’