১০ মাসেও গ্রেপ্তার হয়নি প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার দণ্ডপ্রাপ্ত প্রতারক নাহিদ ফেরদৌসকে ১০ মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ নাহিদকে ধরছে না বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি প্রতারণার মামলায় ২০১৩ সালের ২৭ আগস্ট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নাহিদ ফেরদৌস শহরের পলাশপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনিছুর রহমানের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতেন। নাহিদ ফেরদৌস ২০০৯ সালের ১০ জুলাই ব্যবসার অংশীদারি প্রদানের অঙ্গীকার করে আনিছুর রহমানের কাছ থেকে ১৮ লাখ টাকা নেন। এর বিপরীতে নাহিদ ফেরদৌস উত্তরা ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার অনুকূলে ১৮ লাখ টাকার একটি চেক আনিছুর রহমানকে দেন। টাকা উত্তোলনের জন্য আনিছুর চেকটি ব্যাংকে জমা দেন। কিন্তু নাহিদের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে আনিছুর রহমান এ ব্যাপারে গাইবান্ধা যুগ্ম জেলা জজ আদালতে নাহিদ ফেরদৌসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২৭ আগস্ট মামলার রায়ে আদালত প্রতারক নাহিদ ফেরদৌসের এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত সমপরিমাণ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা চেকের বাহক আনিছুর রহমানকে ফেরত দেওয়ার নির্দেশসহ আদালত প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু ১০ মাস ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
আনিছুর রহমান অভিযোগ করেন, প্রতারক নাহিদ ফেরদৌস প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কিন্তু পুলিশ তাঁকে দেখেও না দেখার ভান করছে এবং গ্রেপ্তার করছে না।
এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, প্রতারক পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে আমাদের চেষ্টার ত্রুটি নেই। যে কোন দিন তিনি ধরা পড়তে পারেন।