১০ মাসেও মেলেনি কাঙ্ক্ষিত তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কায়েতপাড়া মৌজার প্রায় এক বিঘা জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়। তবে ১০ মাসেরও বেশি সময়ে কাঙ্ক্ষিত তথ্য মেলেনি।

অভিযোগ পাওয়ার পরপরই অনুসন্ধানে নামে প্রথম আলো। এ বিষয়ে সাংবাদিকতার স্বাভাবিক প্রক্রিয়ায় স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তথ্য না পেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়। আবেদনের পর প্রাপ্ত তথ্য ও সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়, যা গত বছরের ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত হয়।

প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে গত বছরের ২৬ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। ২০ কর্মদিবসে তিনি তথ্য সরবরাহ না করায় ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর আপিল করা হয়। কিন্তু সচিব তথ্য দেওয়ার কোনো ব্যবস্থা নেননি। আপিলে তথ্য না পেয়ে ওই বছরের ১২ ডিসেম্বর এ বিষয়ে তথ্য কমিশনে অভিযোগ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ মার্চ কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় ১২ এপ্রিল পুনরায় কমিশনে শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু ওই দিনও অভিযোগের নিষ্পত্তি হয়নি। ৩০ এপ্রিল আবার শুনানি হয়। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকার জেলা প্রশাসনকে চাহিদা অনুযায়ী তথ্য প্রদানের নির্দেশ দেয় কমিশন। এরপর জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. ইলিয়াস মেহেদি তথ্যের মূল্য পরিশোধের পত্র দেন। ৩ মে ইলিয়াস মেহেদির স্বাক্ষরিত ওই পত্র পাওয়া যায় ২৮ মে। এরপর ৪ জুন চালানের মাধ্যমে মূল্য পরিশোধ করে ৬ জুন ওই কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এরপর তাঁর কার্যালয় থেকে অসমাপ্ত তথ্য সরবরাহ করা হয়।

সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, কায়েতপাড়া মৌজায় অর্পিত সম্পত্তির ওপর অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদের জন্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে নির্ধারিত সময় পার হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে। কিন্তু কবে নোটিশ দেওয়া হয়েছে, কতজন অবৈধ দখলদারকে নোটিশ দেওয়া হয়েছে, কারা অবৈধ ভবন নির্মাণের সঙ্গে জড়িত এবং নোটিশের সময় কবে শেষ হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার মো. ইলিয়াস মেহেদি বলেন, আপাতত এভাবেই তথ্য প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করা হবে।

বিস্তারিত তথ্য সরবরাহ না করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য গোপন করার কৌশল বলে মনে করেন সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের তথ্য গোপন করার সংস্কৃতির শেকড় এতটাই গভীরে যে প্রশিক্ষণ ও গণসচেতনতার পরও সুফল পাওয়া যাচ্ছে না।

কায়েতপাড়া মৌজায় ৩৮৪ নম্বর খতিয়ানে ৩৮ শতাংশ অর্পিত সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ভূমি হুকুম দখল করা হয়েছে ধামরাই ডাকঘরের নামে। অবশিষ্ট ২২ শতাংশ ভূমির মধ্যে ১৯ শতাংশ ভূমি বাংলা ১৪২২ সনের জন্য ইজারা দেওয়া হয়েছিল রাজধানীর মিরপুরের ১২৪ নম্বর মনিপুরের বাসিন্দা মোস্তাফিজুর রহমানকে। এর আগে এই জমি ধামরাই ব্রাস মেটাল সমিতির নামে ইজারা দেওয়া ছিল। বছর খানেক আগে কতিপয় ব্যক্তি ওই জমি দখলে নিয়ে সেখানে ভবন নির্মাণ করেছেন।

সম্প্রতি সরেজমিনে কায়েতপাড়ার ওই জমিতে দখলদারের ভবন দেখা যায়। সেখানে অন্তত পাঁচজন দখলদার আছেন। তাঁরা নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন খুব শিগগিরই তাঁদের উচ্ছেদের ব্যবস্থা নেবে।