১০ মাসেও শনাক্ত হয়নি তনুর খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ মাসেও কোনো খুনিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শুক্রবার তনু হত্যাকাণ্ডের ১০ মাস পূর্ণ হয়েছে। এত দিনেও এ ঘটনায় করা মামলার কোনো কূলকিনারা করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। এ নিয়ে অসন্তুষ্ট তনুর পরিবার।
তনুর মা আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘তদন্তকারী সংস্থার লোকজন বলে ধৈর্য ধরতে। গত ১০ মাস আমরা তনু ছাড়া কীভাবে বেঁচে আছি, একমাত্র আল্লাহই জানেন। আমি আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কিছু বলতে পারছি না।’
এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে গত দুদিনে বেশ কয়েকবার ফোন করা ও খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত বছরের ১৬ মে তনুর পোশাক থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে বলে জানিয়েছিল সিআইডি। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব প্রোফাইলের সঙ্গে সন্দেহভাজন কয়েক ব্যক্তির ডিএনএ মেলানো হয়েছে।
কিন্তু তনুর মা যে তিন সন্দেহভাজনের নাম ইতিপূর্বে সিআইডি ও গণমাধ্যমকে বলেছিলেন, তাঁদের সঙ্গে ডিএনএ নমুনা মেলানো হয়েছে কি না, সে ব্যাপারে কিছু বলতে রাজি নন সিআইডির কর্মকর্তারা। সপ্তাহ দুয়েক আগে এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, এ বিষয়ে তিনি কিছু বলবেন না।
গত বছর ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর এক ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করে তাঁর বাবা। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত তিনবার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়।
সর্বশেষ গত ২৪ আগস্ট তদন্তকারী কর্মকর্তা বদল করে সিআইডির নোয়াখালী ও ফেনী অঞ্চলের সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব পাওয়ার পর কয়েকজনের সঙ্গে ডিএনএ মেলানোর উদ্যোগ নেন।