কাজ শেষ হওয়ার পর দায়িত্ব প্রহণের ১০ মাস পার হয়ে গেছে। মৌলভীবাজার পৌরসভার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়সংলগ্ন গোলচত্বর থেকে উপজেলা পরিষদ কার্যালয়সংলগ্ন হিলালপুর রাস্তার সংযোগস্থল পর্যন্ত এখনো সোডিয়াম বাতি জ্বালানো হয়নি। ইতিমধ্যে গাড়ির ধাক্কায় ওই এলাকার সোডিয়াম বাতির সাতটি খুঁটি ও মিটারের একাধিক বক্স ভেঙে গেছে।পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে সওজ পৌর এলাকায় রাস্তা প্রশস্তকরণ, ফুটপাত, মেডিয়ান নির্মাণ ও শহরে সোডিয়াম বাতি স্থাপন প্রকল্পের কাজ বাস্তবায়ন করে। এ প্রকল্পে ব্যয় হয় প্রায় সাত কোটি টাকা। গোলচত্বর থেকে হিলালপুর রাস্তার সংযোগস্থল পর্যন্ত সোডিয়াম বাতির ১৫৬টি খুঁটি স্থাপন করা হয়। এদিকে পৌরসভার কোর্ট এলাকা থেকে চৌমোহনা এলাকার দেওয়ানী জামে মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে ৬৫টি খুঁটি স্থাপন করা হয়। এই সময়ে শহরের শাহ মোস্তফা সড়কে সোডিয়াম বাতির খুঁটি স্থাপনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা স্থাপন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব খুঁটিতে সোডিয়াম বাতি স্থাপনের কাজ ২০০৮ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়। তখন পরীক্ষামূলক কিছু বাতি জ্বালানো হয়। এরপর মৌলভীবাজার পৌরসভার মেয়র অনানুষ্ঠানিকভাবে গোলচত্বর থেকে হিলালপুর রাস্তার সংযোগস্থল অংশের সোডিয়াম বাতি জ্বালিয়ে তা উদ্বোধন করেন। বাতিগুলো মাত্র দু-তিন দিন জ্বালানো হয়।মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পৌরসভা ২০০৯ সালের ৮ নভেম্বর ওই দুটি সড়কের সোডিয়াম বাতির খুঁটির দায়িত্ব বুঝে নেয়। কিন্তু ওই সময় কিছু খুঁটি ভাঙা ও নষ্ট ছিল। সেগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাস দেড়-দুয়েকের মধ্যে সোডিয়াম বাতির এ লাইন চালু করা হবে। পৌর মেয়র বলেন, এ ছাড়া শিগগিরই কোর্ট রোডের দুটি লাইন থেকে একটি লাইন শাহ মোস্তফা সড়কে স্থানান্তর করা হবে।