১০ মিনিট পর লাশ হয়ে ফিরল সাকিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার রাত নয়টা ২০ মিনিট। বাসায় বিদ্যুৎ নেই। মায়ের কোলে বসে ছিল সাড়ে তিন বছরের সাকিবা ইসলাম। ঘরে গরম লাগায় তার বাবা কলেজশিক্ষক শফিকুল ইসলাম বাইরে যেতে চান। সাকিবাও বাবার সঙ্গে বাইরে যাওয়ার জন্য বায়না ধরে। যাওয়ার সময় সাকিবা মাকে বলে যায়, ‘মা, আমি এখনই আসছি।’ বাসা থেকে বের হয়ে ১০ মিনিট পর সে মায়ের কোলে ফিরে, তবে লাশ হয়ে। বরিশাল নগরের খ্রিষ্টান গোরস্থানের সামনে সাকিবাদের বাসা। গত সোমবার রাত সাড়ে নয়টায় শফিকুল ইসলামের সঙ্গে ওই বাসার সামনে সড়কে বের হলে মুহূর্তের মধ্যে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার খবর পেয়ে সাকিবার মা স্কুলশিক্ষক রুবানা রহমানও তাঁদের সঙ্গে হাসপাতালে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর শফিকুল ইসলাম বেঁচে গেলেও মারা যায় সাকিবা। সোমবার রাত সাড়ে ১২টায় সাকিবাদের বাসায় গিয়ে দেখা যায়, একমাত্র মেয়েকে হারিয়ে মা রুবানা রহমান পাগলপ্রায়। পাশে থাকা আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়েন। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় নগরের ব্রাউন কম্পাউন্ড মসজিদে জানাজা শেষে সাকিবা ইসলামকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গতকাল শফিকুল ইসলাম বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ আগের রাতে আটক ট্রাকের চালক ইব্রাহিম খলিলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুজ্জামান বলেন, সোমবার রাতেই ট্রাক ও চালক ইব্রাহিম খলিলকে আটক করা হয়েছে। গতকালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।