১০ মিনিট রাস্তায় শুয়ে দাবি আদায়ের আকুতি
সিলেট সিটি করপোরেশনের প্রতি তাঁদের দাবি রিকশাভাড়া নির্ধারণ করার। এ দাবিতে গত বৃহস্পতিবার একটি স্মারকলিপি দেওয়া হয়। তাতে সাড়া না পাওয়ায় গতকাল রোববার নগর ভবনের সামনে ১০ মিনিট রাস্তায় শুয়ে দাবি আদায়ের আকুতি জানানো হয়।
নাগরিক সমস্যার সমাধানে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। এর আগে ১ এপ্রিল নগর ভবনের সামনে মশারি টানিয়ে সংগঠনটি সিটি করপোরেশনের মশক নিধন অভিযান চালুর দাবি জানিয়েছিল। এবার ‘১০ মিনিট রাস্তায় শোয়া’ কর্মসূচি ঘোষণা দিয়ে পালন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে ব্যানার নিয়ে জড়ো হন সংগঠনের সদস্যরা। সাড়ে ১১টার দিকে নগর ভবনের প্রবেশমুখের রাস্তার এক পাশে ব্যানার সাঁটিয়ে সংগঠনের নেতারা শুয়ে পড়েন। তাঁদের সঙ্গে একাত্ম হয়ে আরও ২০-২৫ জন সারিবদ্ধভাবে শুয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা তাঁরা শুয়ে থাকা অবস্থায় মাইকে কর্মসূচির পক্ষে প্রচারণাও চালানো হয়।
এতে বলা হয়, সিটি করপোরেশন থেকে নগরে চলাচলের জন্য রিকশার লাইসেন্স দেওয়া হয়। এ নিয়ে আলাদা একটি দপ্তরও আছে। লাইসেন্স শাখা নামে পরিচিত এ দপ্তরের কাজ হচ্ছে রিকশার লাইসেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে ভাড়াও নির্ধারণ করে দেওয়া। নাগরিকদের সুবিধার জন্য দর্শনীয় স্থানে রিকশাভাড়া সাঁটানোরও কথা। প্রায় এক দশক ধরে সিলেটে এ রকম কোনো ভাড়া নির্ধারণ না থাকায় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। নাগরিকদেরও ভোগান্তি সইতে হচ্ছে।
দাবি আদায়ে শোয়া অবস্থায় বক্তৃতা দেন সংগঠনের সভাপতি মো. এহছানুল হক তাহের। তাঁর মুখে দাবির কথা অনেকটা আকুতির মতো শোনায়। ব্যতিক্রমী এ কর্মসূচি চলাকালে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে ওঠে। সব মিলিয়ে প্রায় এক ঘণ্টা চলা কর্মসূচি শেষে সংগঠনের সভাপতি জানান, রিকশাভাড়া নির্ধারণ না হওয়ায় নগরের মানুষের ভোগান্তির প্রতি সংহতি জানাতে তাঁদের এভাবে কর্মসূচি পালন। এর পরও দাবি আদায় না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
নগরে চলাচলকারী রিকশাগুলোর জন্য ভাড়াসহ সার্বিক বিষয়ে আলাদা একটি নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বলেন, রিকশাযাত্রীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই দীর্ঘদিন ধরে রিকশাভাড়ার একটি নীতিমালা তৈরির জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ কাজ করে চলেছে। এ বছরের শুরুর দিকে এ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভাও হয়েছে। নীতিমালা বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।