১০ মিনিট রাস্তায় শুয়ে লন্ডন-সিলেট ফ্লাইট চালুর দাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্ট। মাইক্রোফোন হাতে ঘোষক দাবি-দাওয়া নিয়ে বলছিলেন। একপর্যায়ে উদ্যোক্তারা সবাই শামিয়ানা বিছিয়ে রাস্তায় শুয়ে পড়েন। ব্যস্ত এলাকায় প্রায় ১০ মিনিট রাস্তায় শোয়া অবস্থায় তাঁদের পাহারা দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবিতে গতকাল শনিবার সকালে এভাবে ১০ মিনিট ‘রাস্তায় শোয়া’ কর্মসূচি পালন করল সামাজিক সংগঠন ‘সিলেটকল্যাণ সংস্থা’। অভিনব এ কর্মসূচিতে সিলেট চেম্বারের সভাপতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও একাত্ম হয়েছিলেন। রাস্তায় শোয়া কর্মসূচি শেষে সিলেটকল্যাণ সংস্থার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মো. এহছানুল হকের সভাপতিত্বে জনসভায় সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ, ব্যবসায়ী জিয়াউল হক, জিন্দাবাজার ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. লায়েছ উদ্দিন, ‘বাংলাদেশ ফোরাম ইউকে’র প্রেসিডেন্ট সাহাব উদ্দিন রাব্বানী, জালালাবাদ প্রবাসীকল্যাণ পরিষদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবদুর রহমানসহ কল্যাণ সংস্থার সংগঠকেরা বক্তব্য দেন। মো. এহছানুল হক জানান, লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবিতে সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে অনুমতি না দেওয়ায় শেষে পুলিশ প্রহরায় রাস্তায় শোয়া কর্মসূচি পালিত হয়। অবিলম্বে এ ফ্লাইট চালু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে বলে তিনি জানান।