১০ মিনিটেই সব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির তীব্র চাপে মুহূর্তের মধ্যে ভেঙে যায় বাঁধ। শো শো করে পানি ঢুকেছে গ্রামে। আজ সকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিল গজারিয়া এলাকায়। ছবি: প্রথম আলো
পানির তীব্র চাপে মুহূর্তের মধ্যে ভেঙে যায় বাঁধ। শো শো করে পানি ঢুকেছে গ্রামে। আজ সকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিল গজারিয়া এলাকায়। ছবি: প্রথম আলো

‘সকালে উইঠা কেউ রান্নার আয়োজন করছিল। কেউবা দাঁত মাজতে মাজতে এদিক-ওদিক ঘোরাফেরা করছিল। প্রস্তুতি নিচ্ছিল গরু ছাগল নিয়ে মাঠে যাওয়ার। এমন সময়েই ঘটে প্রলয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মুহূর্তের মধ্যে সবকিছু বাসায় নিয়া যায়।’

এভাবেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিল গজারিয়া এলাকার নিজাম উদ্দিন তালুকদার (৫১)।

আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রাম সংলগ্ন বিল গজারিয়া এলাকার ফরিদপুর-বরিশাল প্রকল্পের অধীনে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২২ মিটার ভেঙে যায়। পানির তীব্র স্রোতে বাঁধের পাশে সালাম শেখের (৫৯) রান্না ঘর ও গোয়াল ঘর ভেসে যায়। দুমড়ে মুচড়ে যায় তাঁর টিনের বসতঘর। তাঁর একটি গরুও ভেসে গেছে পানির তোড়ে।

বাঁধ ভেঙে যাওয়ার মুহূর্তের মধ্যে এলাকার ৫৭টি বাড়ি নিমজ্জিত হয়। স্থানীয় বাসিন্দা দুলাল শেখ (৫১) বলেন, বাঁধটি ভেঙে পড়ার সময় একটি বিকট শব্দ হয়। বাঁধের উত্তর দিক ও দক্ষিণ দিকে পানির ব্যবধান ছিল আনুমানিক তিন ফুট। দক্ষিণ দিক শুকনো ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে বিকট শব্দে বাঁধ ভেঙে পানি ঢুকে ৫৭টি ঘর ডুবে যায়। সব মিলে সময় লাগে মাত্র ১০ মিনিট।

গৃহবধূ শাহানা বেগম (৩৫) বলেন, ‘বাঁধ ভেঙে তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে সবকিছু ভাসায় নিয়া যায়। খড় কুটার মত মুরগি, গরু ছাগল সব ভাইসা যায়।’

এলাকাবাসীর অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় বাঁধের যে জায়গা ভেঙে গেছে, সেই জায়গা দিয়ে বাঁধের এপাশ থেকে ওপাশে পানি চোয়াতে শুরু করে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালেও তারা কোনো তৎপরতা দেখাননি।

পানি ঢুকে কয়েক মিনিটের ব্যবধানে তলিয়ে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি।
পানি ঢুকে কয়েক মিনিটের ব্যবধানে তলিয়ে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বাঁধ ভেঙে যাওয়ার পর এলাকায় এক হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। নিমজ্জিত বাড়ির লোকজন ফ্রিজ, টিভি, আলমারিসহ যাবতীয় মূলবান সামগ্রী বাড়ি থেকে বের করে বেড়ি বাঁধের ওপর নিয়ে জড়ো করতে থাকেন।

সকাল সাড়ে ৯টায় সরেজমিনে দেখা যায়, বাঁধের দুই পাশে এলাকার লোকজন তাদের বাড়ির বিভিন্ন সামগ্রী জড়ো করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০০৬ সালে ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে বন্য নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ২০১৬ সালে এলজিইডির উদ্যোগে বাঁধের ওপর সড়ক নির্মাণ করা হয়।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বাঁধের ভেঙে যাওয়া ২২ মিটার অংশ দ্রুত মেরামত করা হবে। এ জন্য তিন হাজার বালুভর্তি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। মেরামত কাজ আজ রোববার থেকেই শুরু হবে।