১০ মিনিটেই সড়কের ওপর থেকে ট্রাক চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে গতকাল সোমবার ভোরে সড়কের ওপর থেকে ১০ মিনিটের মধ্যে একটি ট্রাক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ও ট্রাকমালিক সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-১৫৫৩) গতকাল ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় পৌঁছার পর চালক মহিউদ্দিন (৩৫) পেটে একটু ব্যথা অনুভব করেন। তিনি উপজেলা সদরের পাশে ন্যাশনাল ব্রিক ফিল্ডের সামনে ট্রাকটি থামিয়ে প্রকৃতির ডাকে পাশে চলে যান। ১০ মিনিট পর সেখানে ফিরে গিয়ে দেখেন ট্রাকটি নেই। ট্রাকের মালিককে খবর দেওয়া হয়। এ ঘটনায় ট্রাকমালিকের ভাই এনায়েত উল্যাহ বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৮৪) করেন। জিডিতে ট্রাকের মূল্য উল্লেখ করা হয়েছে ২২ লাখ টাকা।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন উপজেলা সদর থেকে ভোরে একটি ট্রাক চুরির ঘটনায় সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করেছেন।