১০ মিনিটের চিকিৎসা, ৩৯ দিন অপেক্ষা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দন্ত বহির্বিভাগে রোববার দাঁতের ব্যথা নিয়ে এসেছিলেন নগরের বোসপাড়া এলাকার নূরমোহল বেগম (৩৬)। চিকিৎসক তাঁর ব্যবস্থাপত্রে বলেছেন, তাঁর ক্ষয়ে যাওয়া দাঁতের ভেতরে ভরাট (ফিলিং) দিতে হবে। এ জন্য তাঁকে আগামী ১৭ নভেম্বর আসতে বলা হয়েছে। নূরমোহল বেগম বলেন, তাঁর এই কাজের জন্য নাকি ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, অথচ চিকিৎসকের সেই সময় হলো না। তাঁকে এ জন্য ব্যথা নিয়ে ৩৯ দিন অপেক্ষা করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, রামেক হাসপাতাল দন্ত বহির্বিভাগে প্রতিদিনই রোগীরা এসে ভিড় করে। কিন্ত চিকিৎসক না থাকার কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তারপর চিকিৎসকের দেখা মিললেও তাদের এক-দেড় মাস পরে আবার আসতে বলা হয়। নিতান্তই দরিদ্র রোগী ছাড়া অন্যরা দীর্ঘ সময় অপেক্ষা না করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে নেয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই বহির্বিভাগে একজন রেজিস্ট্রার, একজন সহকারী রেজিস্ট্রার ও তিনজন চিকিৎসক রয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস ছবুর মিঞা এই বিভাগের রেজিস্ট্রার আবুল হোসেনকে বহির্বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেন। নিয়ম অনুযায়ী তাঁকে এখানে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করার কথা। কিন্তু কোনো দিনই তাঁকে (ইনচার্জকে) দুপুর ১২টার আগে এই বিভাগে পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি সপ্তাহে চার দিন হাসপাতালের ডেন্টাল ইউনিটে একটি করে ক্লাস নিচ্ছেন। এক ঘণ্টার একটি ক্লাস নেওয়ার অজুহাতে তিনি চার ঘণ্টা ধরে সেখানেই কাটিয়ে বহির্বিভাগে আসেন। ইনচার্জের অনুপস্থিতি ও সুষ্ঠু তদারকের অভাবে রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগের জন্য দুটি ডেন্টাল চেয়ার থাকলেও অজ্ঞাত কারণে একটি বন্ধ থাকে। এসব কারণে রোগীদের দীর্ঘদিনের ক্রমিকে (সিরিয়ালে) পড়তে হচ্ছে।রোববার দন্ত বহির্বিভাগে গিয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইনচার্জ আবুল হোসেনকেও পাওয়া যায়নি। একই সঙ্গে সহকারী রেজিস্ট্রার হাবিবুল হককেও পাওয়া যায়নি। সেখানে অপেক্ষমাণ রোগীদের মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া গ্রামের আকবর আলী (৪০) জানান, তাঁর দাঁতে স্কেলিং করা দরকার। তাঁকে আগামী ১৭ নভেম্বর আসতে বলা হয়েছে। পবা উপজেলার বারুইপাড়া গ্রাম থেকে এসেছেন রোকসানা বেগম (৩০)। তাঁর একটি নড়বড়ে দাঁত তুলতে হবে। এই কাজের জন্য তাঁকে ৩০ অক্টোবর আসতে বলা হয়েছে। রোকসানা বলেন, ‘নড়বড়ে দাঁতের যন্ত্রণায় ঘুম আসে না। হাসপাতালে এসেও এই দাঁতের জন্য আরও ২১ দিন অপেক্ষা করতে হবে।’ একই উপজেলার কয়রা গ্রামের ইসমাইল হোসেন (৬০) একই সমস্যায় ভুগছেন। তাঁকে ২১ দিন পর আসতে বলা হয়েছে। দন্ত বহির্বিভাগের ইনচার্জ আবুল হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ক্লাস নেওয়া ও বহির্বিভাগ দুটোই তাঁকে দেখতে হয়। এ জন্য দুপুর ১২টার আগে তিনি হাসপাতালের বহির্বিভাগে যেতে পারেন না। এক ঘণ্টার ক্লাসের জন্য এতক্ষণ সেখানে কী করেন— জানতে চাইলে তিনি বলেন, ক্লাস নেওয়ার পর তাঁকে সেখানেও রোগী দেখতে হয়। বহির্বিভাগের রোগীদের দীর্ঘদিনের ক্রমিকে (সিরিয়ালে) ফেলার ব্যাপারে তিনি বলেন, এ রকম তো হওয়ার কথা নয়।