১০ মিনিটের জন্য থমকে গেল বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে বেজে উঠল সাইরেন। মুহূর্তের মধ্যে থেমে গেল ব্যস্ততম নগর বরিশালের কর্মচাঞ্চল্য। যে যেভাবে ছিল, দাঁড়িয়ে পড়ল রাস্তায়। দোকানপাট, অফিস-আদালত বন্ধ করে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করল সর্বস্তরের মানুষ। সবার এক দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির পূর্বঘোষণা অনুসারে, নগরে গতকাল শনিবার ১০ মিনিটের জন্য বরিশাল নগর অচল কর্মসূচি পালন করে। বাস্তবায়ন কমিটি নগরের ৩৩টি স্থানে মাইক বেঁধে ১০ মিনিটের অচল কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় সবাইকে। ঘড়ির কাঁটায় ১০টা বাজার সঙ্গে সঙ্গে কমিটির আহ্বায়ক মো. হানিফ ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেন। তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গে বরিশাল সিটি করপোরেশন সাইরেন বাজায়। সাইরেনের শব্দে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে। নগরের সড়কগুলোয় চলাচলকারী যানবাহন, এমনকি যে যেখানে ছিল, সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ১০ মিনিট পর ফের সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নগর আগের রূপে ফিরে আসে। কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. হানিফ আগামী ১৯ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের বরিশালে আগমনকে স্বাগত জানিয়ে বলেন, ‘ওই সময় আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বরিশালবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছিল। বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচন এবং অর্থ বরাদ্দ পর্যন্ত হয়েছে। জমি অধিগ্রহণ, ভবন নির্মাণসহ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক বছর সময় লাগবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর জন্য জিলা স্কুলের অব্যবহূত ভবনে চলতি শিক্ষাবর্ষ (২০১০-১১) থেকে শিক্ষার্থী ভর্তির দাবিতে আন্দোলনে নামে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি। ২৩ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১০ মিনিটের জন্য বরিশাল নগর অচল কর্মসূচি পালিত হয়।