ওয়ারী থেকে অসুস্থ ছেলেকে নিয়ে জনসন রোডে ন্যাশনাল হাসপাতালে যাবেন বলে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রিকশায় উঠেছেন গৃহিণী আফসানা আক্তার। টিপু সুলতান রোডে আসার পরই আটকে গেল রিকশা। ওয়ারী থেকে রিকশায় ন্যাশনাল হাসপাতাল যেতে সময় লাগে বড়জোর ১০ মিনিট। কিন্তু টিপু সুলতান রোডের মোড়েই কেটে গেল আধা ঘণ্টা। এক মিলোমিটার পথ পাড়ি দিতে ঘণ্টা পার হবে। উপায় না দেখে ছেলেকে নিয়ে হেঁটেই রওনা হলেন নিরুপায় মা।
গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন ঘণ্টা পুরান ঢাকায় যানজটের যে চিত্র দেখা গেল, তা অতীতের তুলনায় ভয়াবহ। কাপ্তানবাজার, ঠাটারীবাজার থেকে শুরু করে নবাবপুর রোড, টিপু সুলতান রোড, ধোলাইখাল, জনসন রোড, সদরঘাট, লক্ষ্মীবাজার— সর্বত্রই যানজট।
অল্পতেই বোঝা গেল, রিকশাসহ যানবাহনের সংখ্যা বেড়েছে। হকারদের আধিক্যের কারণে কিছু কিছু জায়গায় রাস্তাও সংকীর্ণ হয়ে পড়েছে।
একদিকে ধোলাইখাল, অন্যদিকে রথখোলা ও নবাবপুর রোড এবং দক্ষিণ প্রান্তে ইংলিশ রোড—সব জায়গায় যানবাহন আটকে আছে। জনসন রোড, ধোলাইখাল, গুলিস্তান ছাড়াও বংশালের দিক থেকে আসা যানবাহনের চাপ। হলুদ রঙের পাতলা জামা পরা স্বেচ্ছাসেবক ব্যস্ত তখন গুলিস্তানের দিক থেকে আসা ঠেলাগাড়ি, টেম্পো, কাভার্ড ভ্যান আর রিকশা সামলাতে। দেখা গেল, শত শত লোকে হেঁটেই যাচ্ছেন সদরঘাট, বাবুবাজারের দিকে।
জনসন রোডে জজকোর্ট প্রান্ত এবং সাবেক জেলা পরিষদ কার্যালয় প্রান্তে রিকশা আর গাড়ির ভিড়ে চলাচলই করা যাচ্ছে না। ফুটপাতে হকারদের ভিড়—কেউ বসেছেন জামাকাপড়, কেউ ইলেকট্রিক ও মোবাইল ফোনের কাভার ও চার্জার নিয়ে। ভিক্টোরিয়া পার্কের চারদিকে যানবাহন স্থবির হয়ে আছে। সেখানেও হকার। লক্ষ্মীবাজারের দিকটায় সড়কের দুই পাশেই ফুটপাত ছাড়িয়ে সড়কেও হকার। রিকশা–ভ্যানে আখ, নানা ফলমূল নিয়ে নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছেন হকাররা। পার্কের উত্তর দিকে রাস্তার ওপর অগোছালোভাবে বাস, কাভার্ড ভ্যান পার্ক করা। উপস্থিত ট্রাফিক পুলিশ দেখেও দেখছে না। জানতে চাইলে বললেন, তাঁদের একার পক্ষে এদের সরানো সম্ভব নয়।
ভিক্টোরিয়া পার্কের উত্তর প্রান্ত। ভর্তি রিকশার চেয়ে খালি রিকশাই বেশি। এর একটি কারণ ক্ষিপ্ত ও নিরুপায় যাত্রীদের পথে পথে নেমে যাওয়া। একই নম্বরের লাইসেন্স একাধিক রিকশায়। কোনো কোনো রিকশার পেছনে সাঁটা প্লেটে শ্রমিক সংগঠনের মনোগ্রাম।
দেখা গেল, সিএনজিচালিত অটোরিকশা থেকে লাগেজ নিয়ে নেমে পড়লেন এক যাত্রী। স্ত্রীর দুই হাতে দুই বাচ্চা। মুগদা এলাকা থেকে সদরঘাট রওনা হয়েছিলেন, বরিশালের লঞ্চ ধরবেন। অনেক পথ পাড়ি দিয়ে ভিক্টোরিয়া পার্কের উত্তর দিকে রাস্তায় প্রায় আধা ঘণ্টা আটকা। কখন জ্যাম ছাড়বে কেউ জানে না। চারদিকে শত শত যানবাহনের সঙ্গে ছিল তাঁদের অটোরিকশা। ছয়টায় লঞ্চ। অটোরিকশার ‘ওয়েটিং ফি’সহ ৪০০ টাকা চালকের হাতে গুঁজে দিয়ে হেঁটেই ছোটার চেষ্টা করলেন তাঁরা।
রিকশা ও অটোরিকশার বেশির ভাগ আরোহী সদরঘাট যাওয়ার অপেক্ষায়। লক্ষ্মীবাজারের দিক, নর্থব্রুক হল রোডের দিকে যানবাহন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ট্রাফিক পুলিশ বাঁশি বাজাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এলাকার স্থায়ী দোকানিরা বললেন, আগের তুলনায় এখানে যানজট অস্বাভাবিক বেড়ে গেছে। লক্ষ্মীবাজারের জ্যোতি সুপার মলের দোকানি আফতাব হোসেন সরাসরিই বললেন, ফুটপাত আর রাস্তা হকারদের দখলে। প্রতিদিন নতুন নতুন রিকশা নামছে। যানজট তো বাড়বেই।