১০ মিনিটের পথে ৩০ মিনিট লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগ রক্ষা করে শ্রীপুর-মাওনা সড়কটি। সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে আটকে প্রায়ই বিকল হয়ে যাচ্ছে যানবাহন।শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান জানান, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাই এটি সংস্কারের দায়িত্ব সড়ক বিভাগের।এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার দে বলেন, সড়কটি সংস্কারে গত জুন মাসে দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় তহবিলের অভাবে সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।স্থানীয় লোকজন জানান, বর্ষায় ইট, পাথর, সুরকি ও বিটুমিন উঠে গিয়ে গোটা সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে যানবাহন বিকল হয়ে যাওয়ার ঘটনা। তাঁরা জানান, শ্রীপুর-মাওনা সড়কের ওপর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাস, টেম্পো, অটোরিকশা ও লেগুনা চলাচল করে। বেহাল অবস্থার কারণে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে আধা ঘণ্টা সময় লাগে।এলাকাবাসী জানিয়েছেন, ২৭ বছর আগে সড়কটি কার্পেটিং করে নির্মিত হলেও আজ পর্যন্ত একবারও পূর্ণাঙ্গ সংস্কারকাজ করা হয়নি। শুরুতে হালকা যানবাহন চলাচলের জন্য ইটের সলিংয়ের ওপর বেইজ, সাব-বেইজ, বিটুমিনাস কার্পেটিং করে সড়কটি তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এ সড়কে ভারী যানবাহন চলাচলের চাপ বেড়ে গেলেও কোনো সংস্কার করা হচ্ছে না। তাঁরা জানান, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বরমী ও গোসিঙ্গা থেকে প্রতিদিন ২০-৩০টি বালুভর্তি ট্রাক এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এ কারণে ছোট ছোট খানাখন্দগুলো বড় বড় গর্তে পরিণত হয়েছে।