১০ মেধাবী পরীক্ষার্থী হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে অকৃতকার্য!
এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের মেধাতালিকার শীর্ষে থাকা ১০ জন পরীক্ষার্থী হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয়েছে। হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে অকৃতকার্য হলেও তারা অন্য বিষয়গুলোতে জিপিএ-৫ পেয়েছে। গতকাল বুধবার দুপুরে ফলাফল শুনে কান্নায় ভেঙে পড়ে তারা।
বিদ্যালয় সূত্র জানায়, ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় টানা প্রথম স্থান অধিকার করা দীপ্ত পোদ্দার ও হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা অবন্তী সরকার হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ ছাড়া অকৃতকার্য হওয়া অন্য পরীক্ষার্থীরা হলো সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সৈকত সাহা, আকাশ সাহা, হৃদয় আচার্য, নিলয় দেবনাথ, জয় রায়, অনিক কুমার সেন ও প্রাচুর্য বণিক এবং হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সুজনা।
অকৃতকার্য হওয়া কয়েকজন পরীক্ষার্থী জানায়, তাদের পরীক্ষা ভালো হয়েছে। অকৃতকার্য হওয়ার কথা শুনে সবাই বিস্মিত হয়েছে।
ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের যেসব ছেলে হিন্দুধর্ম বিষয়ে অকৃতকার্য হয়েছে, ওরা প্রত্যেকেই ভালো ছাত্র। মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ওদের ফল খারাপ হয়েছে। তবে এ সমস্যা সমাধানের জন্য শিক্ষা বোর্ডে খাতা পুনঃ নিরীক্ষার আবেদন করা হবে।’