কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় দুই দিন অভিযান চালিয়ে ১০টি চোরাই মোটরসাইকেলসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত সপ্তাহে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সর্বশেষ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হোসেন (২৩), মো. আবুল কালাম (২৭), সানি জুবায়ের ওরফে রনি (২৫) ও মো. নুরুল আলম (২৪)।পুলিশ সূত্র জানায়, সানি ও নুরুল আলমের বাড়ি লামার আজিজনগর এলাকায়। সানি চকরিয়া কলেজ থেকে স্নাতক পাস করে মোটর গ্যারেজের ব্যবসা করছেন। ব্যবসার একপর্যায়ে তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।গতকাল বুধবার বিকেলে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারের চকরিয়া, বান্দরবানের লামা ও খাগড়াছড়িসহ পাহাড়ি এলাকায় গণপরিবহন হিসেবে ব্যবহার করা হয়। বাস-টেম্পোর মতো মোটরসাইকেলেও ওই সব এলাকায় যাত্রী পরিবহন করা হয়। এ ছাড়া ঘণ্টা হিসাবে ভাড়াও দেওয়া হয়।নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘এক সপ্তাহ ধরে পুলিশ অভিযান চালিয়ে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের আটজনকে গ্রেপ্তার করে। এতে চুরি নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের বিশ্বাস। তবে আমাদের অভিযান চলবে।’গ্রেপ্তার ব্যক্তিরা জানান, নগরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করেন সাজিদুল হক ও মোমিন উদ্দিন খালেদ। এঁদের কাছ থেকে প্রতিটি মোটরসাইকেল ২০-৩৫ হাজার টাকায় কিনে নেন হোসেন। হোসেন এগুলো চকরিয়া ও বান্দরবানের সানি ও আলমের কাছে বিক্রি করেন ৪৫-৫০ হাজার টাকায়। তাঁরা সেখানে গণপরিবহন হিসেবে এসব মোটরসাইকেল ব্যবহার করেন। সাজিদুল ও মোমিন গত সপ্তাহে গ্রেপ্তার হন।অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বলেন, ‘চকরিয়ার প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়, বেশির ভাগ মোটরসাইকেল ‘অনটেস্ট’, ‘এ এফ আর’ ইত্যাদি স্টিকার লাগিয়ে চালানো হচ্ছে। সাধারণ মানুষ এগুলোতে ১৫-৫০ টাকা ভাড়ায় চড়ে। এ ছাড়া নিজস্ব ব্যবহারের জন্যও এসব ব্যবহার করা হয়।’ পুলিশ জানায়, শহর থেকে এসব মোটরসাইকেল চুরির পর দু-এক দিনের মধ্যে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে নম্বর প্লেট তুলে তা বিক্রি করা হয়। চোরচক্র নতুন গাড়ি চুরিতে বেশি তৎপর থাকে।