পাবনার চাটমোহরের নারিকেলপাড়া সোনালী ব্যাংকের শাখা থেকে গত রোববার চেক জালিয়াতি করে ১০ লাখ টাকা তোলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যাংকের হিসাবধারী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। সোনালী ব্যাংক নারিকেলপাড়া শাখা ও পুলিশ সূত্রে জানা গেছে, চাটমোহর পৌরসভার দোলং মহল্লার মৃত আক্কাস আলীর ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম। রোববার তাঁর (সঞ্চয়ী হিসাব নম্বর ১৮৩০০/৭৭) বিপরীতে প্রথমে ৩৩ ও ৪৭ নম্বর ক্রলে তিন লাখ ও দুই লাখ টাকার দুটি চেক লেজার ক্লার্কের স্বাক্ষর জাল করে পাসিং অফিসারের কাছ থেকে পাস করান। পরে তিনি ওই চেকের টাকা না উঠিয়ে প্রথমে ৭৯৩১৯৯৮ নম্বর চেকের বিপরীতে তিন লাখ ও ৭৯৩১৯৯৯ নম্বর চেকের বিপরীতে দুই লাখ টাকা এবং ৭৯৩২০০০ নম্বর চেকের বিপরীতে পাঁচ লাখ টাকা; মোট ১০ লাখ টাকা তিন দফায় জালিয়াতির মাধ্যমে তুলে নিয়ে যান। ব্যাংকের ব্যবস্থাপক ফারুক হাসান জানান, রোববার বয়স্ক ভাতার টাকা দেওয়ার কারণে ব্যাংকে ভিড় ছিল। বেলা চারটার পরে চেকগুলো রেজিস্ট্রারভুক্ত করার সময় জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। তখনই হিসাবধারী শরিফুল ইসলামকে ব্যাংকে ডেকে আনা হয় । পরে বিষয়টি শরিফুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেকবই ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া বাজারের জনৈক মাসুদের কাছে আছে। তখন সন্দেহ হলে তাঁরা থানায় খবর পাঠান। পুলিশ এসে তখনই শরিফুলকে নিয়ে বেরহাউলিয়া যায়। কিন্তু সেখানে গিয়ে মাসুদ নামের কাউকে না পেয়ে তারা ফিরে আসে। ব্যাংকের ক্যাস ইনচার্জ আফজাল হোসেন বলেন, প্রথম ও দ্বিতীয় চেকে টাকা তোলার সময় তিনি খেয়াল করতে পারেননি। তবে তৃতীয় চেকের টাকা কাউন্টার থেকে তোলার সময় তিনি বুঝতে পেরেছেন।ব্যাংকের ব্যবস্থাপক ফারুক হাসান আরও জানান, জব্দ করা চেকে শরিফুলের লেখার সঙ্গে জালিয়াতি করা নমুনা চেকের লেখার প্রাথমিকভাবে মিল পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিন রাতেই তিনি শরিফুল ইসলামের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা করেছেন।সোনালী ব্যাংকের পাবনার বিভাগীয় মহাব্যবস্থাপক (ডিজিএম) আ ফ ম আলী আজগর বলেন, এ ঘটনায় যদি ব্যাংকের কেউ জড়িত থাকেন তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) সৈয়দ শহিদ আলম বলেন, শরিফুল ইসলামকে আজ (সোমবার) সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। থানা হাজতে আটক শরিফুল চেক জালিয়াতি করে টাকা তোলার কথা অস্বীকার করে জানান, দোকানের টেবিলের ড্রয়ার থেকে তাঁর চেকটি চুরি গেছে। সেই চোর এটা করতে পারে। উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমানের কাছে জানতে চাইলে শরিফুলের দলীয় পরিচয় ও পদবি নিশ্চিত করেন।