চট্টগ্রামের একটি বাসা থেকে ১০ লাখ টাকা চুরি করার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গত রোববার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাছির উদ্দিন (৪১) ও মোহাম্মাদ আলী (২১)। তাঁদের বাড়ি নোয়াখালীর পূর্ব শহীদপুরে। নগরের লালদীঘিরপাড় ও নতুন ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।জানা গেছে, গত ১৯ আগস্ট জে এম সেন হলসংলগ্ন জনৈক মুসা চৌধুরীর বাসা থেকে নগদ ১০ লাখ টাকা চুরি হয়। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মঞ্জুর মোরশেদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাঁদের দোষ স্বীকার করেছেন। তিনি জানান, মোহাম্মাদ আলী ঘটনার দেড় মাস আগে ওই বাসায় বাবুর্চি হিসেবে যোগ দেন। ঘটনার দিন মোহাম্মাদ আলী মুসা চৌধুরীর শয়নকক্ষে থাকা ১০ লাখ টাকা চুরি করেন। চুরি করা টাকা থেকে এক লাখ টাকা তিনি ওই বাড়ির অপর কর্মচারী মাহাবুবকে দেন। বাকি নয় লাখ টাকা নিয়ে মোহাম্মাদ আলী তাঁর আত্মীয় নাছির ঢাকায় পালিয়ে যান। তাঁরা বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। মঞ্জুর মোরশেদ বলেন, ঠিক একই কায়দায় মোহাম্মাদ আলী আরও কয়েকটি বাড়িতে চুরি করেছেন বলে তাঁদের কাছে স্বীকার করেছেন। মুসা চৌধুরীর বাড়ির অপর কর্মচারী মাহাবুব বর্তমানে পলাতক।