১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় পাহাড় কেটে আবাসন প্রকল্প নির্মাণের দায়ে ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের চেয়ারম্যান এম সরওয়ার হোসেনকে ১০ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। জানা গেছে, দক্ষিণ খুলশী এলাকায় প্রায় আড়াই একর পাহাড় কেটে তিন বছর ধরে অপরূপা হাউজিং সোসাইটি নামের একটি আবাসন প্রকল্প করছিলেন পাইনদং ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার। সম্প্রতি মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল ওই স্থান পরিদর্শন করে পাহাড় কাটার দৃশ্য দেখতে পায়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল ওই চেয়ারম্যানকে ঢাকায় শুনানিতে তলব করা হয়। সেখানে সরওয়ার হোসেন পাহাড় কাটার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে জরিমানার পাশাপাশি পাহাড় আর না কাটার ব্যাপারে মুচলেকা আদায় করা হয়।মুনীর চৌধুরী বলেন, ‘পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে সরওয়ার হোসেনকে জরিমানা করা হয়। তিনি আমাদের কাছে ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না বলে অঙ্গীকার করেছেন।’দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কেটে অপরূপা হাউজিং সোসাইটি নির্মাণ নিয়ে গত অক্টোবরে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।