১০ লাখ টাকা নিয়ে কথিত ব্যাংকের কর্মকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় ওয়ান ফরেক্সি নামের একটি ভুয়া অনলাইন ব্যাংকের মহাব্যবস্থাপক পরিচয়ধারী এক ব্যক্তি গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার গ্রাহকেরা গত বৃহস্পতিবার কথিত ওই ব্যাংকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।সিংড়া বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার পাকুরিয়া গ্রামের আলী আহমেদের ছেলে আবদুল ওহাব গত বছরের নভেম্বরে বাজারের আজিজুল হকের ভবনে ওই অনলাইন ব্যাংকের কার্যালয় খোলেন। ডিসেম্বরে ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ছাড়া পত্রিকায় আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, এই ব্যাংকে অনলাইন হিসাব খুললে গ্রাহকদের এক বছরের মাথায় বিনা জামানতে ৫ থেকে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যবস্থাপক, বিপণন কর্মকর্তা, অভ্যর্থনাকারী ও পিয়ন পদে প্রায় অর্ধশত বেকার তরুণ-তরুণী আবেদন করেন।গত ১ জানুয়ারি তাঁদের মধ্য একজন ব্যবস্থাপক, একজন হিসাবরক্ষণ কর্মকর্তা, একজন ঋণ কর্মকর্তা, একজন নিরীক্ষা কর্মকর্তা ও পাঁচজনকে বিপণনকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। চাকরির শর্ত হিসেবে প্রত্যেকে সাত হাজার টাকা কথিত ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলেন।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, পরবর্তী সময়ে সিংড়া বাজারের ব্যবসায়ী ও আশপাশের বিভিন্ন গ্রামের ৫০ জন ঋণ নেওয়ার আশায় এখানে হিসাব খোলেন। সিংড়া উপজেলা সদরের সজল টেলিকম দেড় লাখ টাকা, মহেশচন্দ্রপুর গ্রামের রুস্তম আলী এক লাখ ৫৭ হাজার, দমদমা গ্রামের আবদুল আলিম দুই লাখ ৪০ হাজার, জয়নগর গ্রামের ইমরান আলী ৫৭ হাজার, সবাব আলী ৭২ হাজার, মোস্তাফিজুর রহমান ৫০ হাজার, হিয়াতপুর গ্রামের চান্দু মণ্ডল ৬৮ হাজারসহ ৫০ জন প্রাথমিক আমানত হিসেবে প্রায় ১০ লাখ টাকা জমা রাখেন।১০ জানুয়ারি থেকে আবদুল ওহাব সরকার আত্মগোপনে আছেন। কার্যালয়ের লোকজন ও গ্রাহকেরা কেউ তাঁর খোঁজ পাচ্ছেন না। বৃহস্পতিবার বিক্ষুব্ধ গ্রাহকেরা ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সিংড়া থানায় গিয়ে বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।কথিত ওই ব্যাংকের বিপণন কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘হঠাৎ করেই স্যার আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁর কাছে ব্যাংকের ১০ লাখ টাকা জমা আছে। এখন মনে হচ্ছে, তিনি আসলে আমাদের ও গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা এখন গ্রাহকদের কাছে জবাব দিতে পারছি না; নিজেরাও বেতন পাইনি।’ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম ফয়জুর রহমান বলেন, ‘ওয়ান ফরেক্সি নামের কোনো ব্যাংক বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। গ্রাহকেরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’পলাতক থাকায় এ ব্যাপারে আবদুল ওহাব সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।