১০ লাখ টাকা পেতে মা-মেয়েকে হত্যা!
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় মা ও মেয়েকে নিজ বাসায় গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে আবদুস সালাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-১১-এর একটি দল ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার করা আবদুস সালাম ঢাকার সদরঘাটের একটি সিডি দোকানের ব্যবস্থাপক। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার রশিদাবাদ এলাকার মো. হোসাইন মিয়ার ছেলে।র্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, মাবিয়া বেগম ভান্ডারি গান লিখতেন। বছর খানেক আগে তাঁর সঙ্গে চট্টগ্রামের শিল্পী বাবুর মাধ্যমে পরিচয় হয় সিডির দোকানের ব্যবস্থাপক আবদুস সালামের। বাবু পরে সড়ক দুর্ঘটনায় মারা যান। মাবিয়া বেগমের ইচ্ছা ছিল বাবুকে দিয়ে তাঁর লেখা গানের ক্যাসেট বের করার। বাবুর মৃত্যুর পর সালামের মাধ্যমে নোয়াখালীর শিল্পী হিরো মানিকের সঙ্গে পরিচয় হয় মাবিয়ার।সূত্রটি জানায়, হিরো মানিক কথা প্রসঙ্গে জানতে পারেন, মাবিয়ার কাছে সঞ্চিত ১০ লাখ টাকা রয়েছে। এই টাকা নেওয়ার লোভেই সালাম ও হিরো মানিক পরিকল্পিতভাবে মাবিয়া বেগম ও মেয়ে সাদিয়া আক্তারকে হত্যা করা হয়েছে বলে র্যাব ও পুলিশের ধারণা।মুঠোফোনের কললিস্ট ধরে পরিচালিত অনুসন্ধানে জানা যায়, হিরো মানিকের সঙ্গে মাবিয়া বেগমের কথা হয় সোমবার রাত পৌনে নয়টা পর্যন্ত। তখন তাঁর অবস্থান ছিল ঘটনাস্থল পাইকপাড়া এলাকার কাছাকাছি। এরপর থেকে বন্ধ ছিল মুঠোফোনটি। হিরো মানিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের সামনে আবদুস সালামকে হাজির করে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। র্যাব-১১-এর এএসপি নাজির আহমেঞ্চদ সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর মাবিয়ার মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে ঢাকা থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সালামের কাছ থেকে জানা গেছে, নিজের অসুস্থতার কথা বলে ওই নারীর কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। পরে ৬০ হাজার টাকা পরিশোধ করা হলেও পাওনা ছিল ৩০ হাজার টাকা। মাবিয়া বেগমের কাছে সঞ্চিত টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মা ও মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ‘আমরা হত্যার রহস্য উন্মোচনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। মাবিয়া বেগমের কাছে ১০ লাখ টাকা ছিল। এই টাকার খবর পেয়েছিল হত্যাকারীরা। মাবিয়ার পরিচিত লোকজনই এই টাকা নেওয়ার জন্য মা ও মেয়েকে হত্যা করেছে—এটা মোটামুটি নিশ্চিত।’ আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। ১৫ জুলাই শহরের পাইকপাড়া আমিনা মঞ্জিল ফ্ল্যাট থেকে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে।