ভোলা-চট্টগ্রাম মহাসড়কের এক কিলোমিটার মেঘনায় বিলীন হয়ে যাওয়ার পর নদীভাঙন রোধে ১০ লাখ টাকার বস্তা ফেলে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলোর বেশির ভাগই ভেসে গেছে। ফলে ভাঙা সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভোলা অংশের চডারমাথা থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের এক-তৃতীয়াংশ মেঘনায় বিলীন হয়ে গেছে। ওই এক কিলোমিটার সড়ক দিয়ে শুধু একটি যান যেতে পারে। ঝুঁকিপূর্ণ এ সড়কে চলতে গিয়ে দুটি বাস খাদে পড়ে যায় বলে জানান স্থানীয় লোকজন।
সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের ঢালির খাল থেকে পূর্ব ইলিশা বিশ্বরোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার তীরে ব্লক ফেলে মহাসড়কসহ উত্তর ভোলাকে রক্ষার দাবিতে ভোলা শহর ও রাজাপুরে চারটি মানববন্ধন হয়। পানিসম্পদমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। গত ২২ জুলাই প্রথম আলোয় ‘ভোলা-চট্টগ্রাম মহাসড়ক এক কিলোমিটার মেঘনায় বিলীন, চলাচলে দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর আগস্টে দুজন ঠিকাদার নয় লাখ ২০ হাজার টাকার সিমেন্ট-বালু ভরা বস্তা ফেলেন। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে ওই বস্তা ভেসে যায়। এরপর তৎকালীন সড়ক ও জনপথ অধিদপ্তর (বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) নদীর তীরে প্রায় ৮০ হাজার টাকার ইটভর্তি বস্তা ফেলে। ওই সব বস্তার বেশির ভাগ নদীতে ভেসে গেছে।
ভোলা জেলা স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ অপু অভিযোগ করেন, ১০ লাখ টাকা ভেসে গেল, কাজের কাজ কিছুই হলো না। লাভ হয়েছে ঠিকাদার আর সড়ক বিভাগের। মেঘনা নদী আরও কয়েক হাত ভেঙে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর সড়কে ঢুকে পড়েছে।
ঠিকাদার মামুনুর রহমান বলেন, ‘জোয়ারের ঢেউ সব ভাসিয়ে নিয়ে গেছে, এতে আমাদের দোষ নেই।’
ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, দক্ষিণ রাজাপুরের সমাজকর্মী আমির হোসেনসহ একাধিক ব্যক্তির অভিযোগ করেন, সড়ক বিভাগ ছেঁড়া বস্তার মধ্যে ইটের খোয়া আর বালু ভরে লাখ লাখ টাকা খরচ করছে। বালুর মধ্যে সিমেন্ট দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। নিম্নমানের কাজ করায় সব বস্তা ভাসিয়ে নিয়ে গেছে। কাজের কাজ কিছুই হয়নি।
ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার ও ভোলা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস মালিক সমিতির আহ্বায়ক আবু মিয়া বলেন, ভাঙনে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কসহ উত্তর ভোলা অরক্ষিত। যেকোনো মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে। আর বিচ্ছিন্ন হলে ২১ জেলার মানুষের যাতায়াত বন্ধসহ ভোলা শহর হুমকির মুখে পড়বে।
ভোলা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার প্রথম আলোকে জানান, তাঁরা জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকার বস্তা ফেলেছেন। আর পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এক কোটি টাকার জরুরি ভাঙন প্রতিরোধে কাজ করতে বলা হয়েছিল। কিন্তু তারা কাজটি করেনি। পাউবো সেটি করলে কাজটি টিকে যেত। তাই সওজ সাড়ে ২২ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছে। যাতে সড়ক নির্মাণ, ব্লক ফেলে তীর সংরক্ষণ ও স্রোতের গতি অন্যদিকে পাল্টে (গ্রোয়েন/ফ্লো ডাইভার্ট) দেওয়ার কাজ রয়েছে। শীত মৌসুমে কাজটি শুরু হবে বলে আশা করেন তিনি।
ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, সড়ক বিভাগের সঙ্গে এ রকম কথা হয়নি।